ঝিনাইদহের মহেশপুরে ট্রাকের ধাক্কায় সেনাবাহিনীর টহল গাড়ি খাদে পড়ে চারজন সেনাসদস্য আহত হয়েছেন।
শনিবার (১৭ জানুয়ারি) সকালে মহেশপুর-খালিশপুর সড়কের বেলেঘাট ঈদগাহ ময়দানের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও সেনাবাহিনী সূত্রে জানা গেছে, সেনাবাহিনীর একটি টহল পিকআপ ভ্যান মহেশপুর থেকে খালিশপুরের দিকে যাওয়ার সময় পেছন দিক থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। ধাক্কায় সেনাবাহিনীর পিকআপ ভ্যান ও ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনার পর ট্রাকটির চালক পালিয়ে যায়। দুর্ঘটনাকবলিত ট্রাকটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ট ১৫-২৬৭৮।
দুর্ঘটনায় আহত চার সেনাসদস্যকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
চিকিৎসকরা জানান, আহতরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।
স্থানীয় সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর নাভিদ জানান, আহত সদস্যদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









