গাইবান্ধা সদর উপজেলায় রাতের আধারে কালোবাজারে বিক্রির জন্য অবৈধভাবে নিয়ে যাওয়ার সময় ২০ বস্তা রাসায়নিক ডিএপি সার জব্দ করেছেন স্থানীয়রা।
শনিবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের কদমতলী এলাকা থেকে সারসহ একটি অটো ভ্যান জব্দ করা হয়।
পরে খবর পেয়ে গাইবান্ধা সদর উপজেলার কৃষি কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে ২০ বস্তা সারসহ অটোভ্যানটি খোলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম হক্কানির জিম্মায় দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গাইবান্ধা সদর উপজেলার তুলসীঘাট বাজার থেকে কামারজানি নিয়ে যাওয়ার পথে খোলাহাটি ইউনিয়নের কদমতলী এলাকায় স্থানীয়দের সন্দেহ হলে তারা সারবহনকারী অটোভ্যানটির গতিরোধ করেন। পরে তারা উপজেলা কৃষি অফিসের সঙ্গে যোগাযোগ করেন।
বিষয়টি নিশ্চিত করে সদর উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল আলম বলেন, 'অবৈধভাবে ২০ বস্তা ডিএপি সার নিয়ে যাওয়ার সময় সেগুলো জব্দ করা হয়েছে। এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমানমান রয়েছে।'
কাওছার/ন্যাশনাল/এদিন


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









