নীলফামারীর সৈয়দপুরে উদযাপিত হয়েছে ঐতিহ্যবাহী শিল্প সাহিত্য সংসদের ১১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে সংগঠনটি।
বৃহস্পতিবার (৭ মে) সকালে শহরের শেরে বাংলা সড়কে অবস্থিত সংগঠনের কার্যালয়ের সামনে থেকে বের করা হয় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা।
শোভাযাত্রাটি শেরে বাংলা সড়ক, শহীদ ডা. জিকরুল হক সড়ক ও শহীদ ডা. শামসুল হক সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সংসদ কার্যালয়ে এসে শেষ হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের হাতে ছিল ব্যানার-ফেস্টুন। দেশীয় বাদ্যযন্ত্রের সুরে মুখরিত হয়ে ওঠে পুরো শহর।
এরআগে সকালে সংগঠনের সদস্য, সাহিত্যপ্রেমী, শিক্ষক-শিক্ষার্থী ও সংস্কৃতিকর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রবীণ সদস্যদের।
পরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শিল্প সাহিত্য সংসদের সভাপতি অ্যাডভোকেট এস এম ওবায়দুর রহমান। শুভেচ্ছা বক্তব্য দেন সাধারণ সম্পাদক আমিনুল হক, সহ-সাধারণ সম্পাদক শেখ রোবায়েতুর রহমান, সাবেক সভাপতি ম আ শামিম, সমাজ ও সাহিত্য সম্পাদক কাজী জাহিদ এবং সঙ্গীত সম্পাদক হোসনে আরা লিপি প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন এম আর আলম।
বক্তারা বলেন, ১৯১১ সালে ব্রিটিশ শাসনামলে একদল মুক্তচিন্তার মানুষের হাত ধরে শিল্প সাহিত্য সংসদের যাত্রা শুরু হয়। দীর্ঘ পথচলায় সংগঠনটি সৈয়দপুরের সাংস্কৃতিক আন্দোলন, সাহিত্যচর্চা ও বাংলা সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
তারা আরও বলেন, মহান মুক্তিযুদ্ধেও সংসদের সদস্যরা গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেন। দেশের জন্য আত্মোৎসর্গকারী সংগঠনটির ১৩ জন শহীদ সদস্যকে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রেলওয়ে মুর্তজা ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভা, শিল্প সাহিত্য সংসদ পরিচালিত সঙ্গীত বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা এবং কবি জসীমউদ্দিন রচিত গীতিনৃত্যনাট্য ‘নকশী কাঁথার মাঠ’ মঞ্চস্থ করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









