বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

খুলনায় বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন

প্রকাশিত: ০৭ মে ২০২৬, ০৯:০৬ পিএম

আপডেট: ০৭ মে ২০২৬, ০৯:০৬ পিএম

খুলনায় বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন

খুলনায় বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল ইউনাইটেড ইন হিউম্যানিটি।

বৃহস্পতিবার (৭ মে) সকালে এ উপলক্ষে খুলনা সিটি করপোরেশনের শহিদ আলতাফ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন কেসিসি প্রশাসক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-খুলনা সিটি ইউনিটের চেয়ারম্যান নজরুল ইসলাম মঞ্জু। 

তিনি বলেন, “১৮৬৩ সালে ইতালির সলফেরিনোর যুদ্ধের ভয়াবহতা প্রত্যক্ষ করে জিন হেনরি ডুনান্ট ও তার সহযাত্রীরা যে মানবিক সংগঠনের ভিত্তি স্থাপন করেছিলেন, তা আজ আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলন হিসেবে বিশ্বব্যাপী মানুষের আস্থা ও আশার প্রতীক হয়ে উঠেছে।”

তিনি আরো বলেন, “১৬৩ বছর পরও এই আন্দোলন হাজারো অসহায়, হতাশাগ্রস্ত ও দুর্দশাপীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার সেবায় কাজ করে যাচ্ছে।”

নজরুল ইসলাম মঞ্জু বলেন, “বাংলাদেশে ১৯৭৩ সাল থেকে রেড ক্রিসেন্টের পথচলা শুরু হয় এবং দেশের সমৃদ্ধ ইতিহাসের সঙ্গে সংস্থাটি ওতপ্রোতভাবে জড়িত। এবারের প্রতিপাদ্য আমাদের মনে করিয়ে দেয় যে, ধর্ম-বর্ণ-জাতীয়তা নির্বিশেষে সবাই মানবতার অংশীদার। দুর্যোগ, সংঘাত কিংবা যেকোনো দুর্দিনে পারস্পরিক সহযোগিতা ও মানবিক মূল্যবোধের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

কেসিসি প্রশাসক বলেন, “মানবতার কল্যাণে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি সুন্দর, শান্তিপূর্ণ, নিরাপদ ও স্বাস্থ্যকর খুলনা নগরী গড়ে তোলা সম্ভব।”

সভায় জানানো হয়, খুলনা মহানগরীতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির অর্থায়নে ক্লাইমেট রেজিলিয়েন্ট কিন সিটিস (থ্রি-সি) প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পের আওতায় নগরীর ২১ ও ২২ নম্বর ওয়ার্ডের বস্তি এলাকায় ছোট সড়ক ও ড্রেন নির্মাণ, সোলার লাইট স্থাপন, প্রাকৃতিক জলাশয় পরিষ্কার, পারিবারিক টয়লেট নির্মাণ, গুরুত্বপূর্ণ মোড়ে জলবায়ু সহনশীল যাত্রী ছাউনি নির্মাণসহ জলবায়ু অভিযোজন ও দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

 বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-খুলনা সিটি ইউনিটের সাবেক সহসভাপতি শেখ সাদিকুল ইসলাম সাদির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য ও মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা।

এ সময় সিটি ইউনিটের উপসহকারী পরিচালক ও ইউনিট লেভেল কর্মকর্তা রেক্সোনা খাতুন, থ্রি-সি প্রকল্পের অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ম্যানেজার মো: আব্দুল মজিদ, অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার সাকিবুল হাসানসহ সংস্থার আজীবন সদস্য, সাবেক ও বর্তমান যুব সদস্য এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এর আগে দিবসটি উপলক্ষে নগর ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বেলুন ও ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন। রেড ক্রিসেন্ট এর খুলনা জেলা ইউনিট ও অনুরূপ অনুষ্ঠান সূচি পালন করেন। 

দো/খু/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.