ফরিদপুরের সদরপুর উপজেলায় বাবা-মায়ের সঙ্গে অভিমান করে মো. রফিকুল ইসলাম (১৮) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ঢেউখালী ইউনিয়নের বাবুরচর মুন্সি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রফিকুল ওই গ্রামের শেখ মো. শুকুর মিয়ার ছেলে।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে বাবা-মায়ের ওপর অভিমান করে নিজ ঘরে দরজা বন্ধ করে দেন রফিকুল। দীর্ঘ সময় সাড়া না পেয়ে বড় ভাই ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে তাঁকে আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. জুয়েলিয়া জাহান আঁচল তাঁকে মৃত ঘোষণা করেন।
সদরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আফজাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা ও আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









