গাজীপুর মহানগরের গাছা থানাধীন উজারপাড়া এলাকায় মো. শুভ (১৬) নামে এক কিশোর অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ মে) ভোরে গাছা থানার উজারপাড়া এলাকার বহরের বাড়ি রোডের পাশে চায়না ফ্যাক্টরির নিকট থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত শুভ নওগাঁ জেলার মান্দা থানার কসক কাচারীপাড়া গ্রামের সোহেল মিয়ার ছেলে। বর্তমানে তিনি গাজীপুর মহানগরের মালেকের বাড়িতে ভাড়া থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১১ মে) সন্ধ্যা আনুমানিক ৭টা ১০ মিনিটে শুভ মদুলের গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে বের হন। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে মঙ্গলবার ভোর আনুমানিক ৫টা ৪০ মিনিটের দিকে স্থানীয় লোকজন রাস্তার পাশে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেয়।
খবর পেয়ে গাছা থানার এসআই মামুর রশিদ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন।
ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা শুভর গলা কেটে হত্যা করে তার অটোরিকশা ছিনিয়ে নিয়ে গেছে। তবে হত্যার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহেদুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









