বরগুনার বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক রোগীর শৌচাগারে মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১২ মে) সকালে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তি নাম মো. তৈয়ব আলী (৬০)।
হাসপাতাল সূত্রে জানা যায়, পেটে ব্যথা নিয়ে তিনি বুধবার হাসপাতালে ভর্তি ছিলেন। মঙ্গলবার সকালে ওয়ার্ডের শৌচাগারে গেলে সেখানে অসুস্থ হয়ে পড়েন। পরে অন্য রোগীরা বিষয়টি কর্তব্যরত নার্সদের জানান।
রোগীর স্বজনদের অভিযোগ, শৌচাগারে থেকে দুর্গন্ধ বের হওয়ার কথা বলে প্রথমে সেখানে যেতে অনীহা প্রকাশ করেন দায়িত্বরত নার্সরা। পরে অন্য রোগীর স্বজনরা তাকে টয়লেট থেকে উদ্ধার করে বেডে নিয়ে আসেন।
এ সময় কর্তব্যরত চিকিৎসক ডা. শাহরিয়ার হোসেন রুমন রোগীকে পরীক্ষা করে জানান, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে দায়িত্বরত নার্স রাজশ্রী বলেন, ‘‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি সেখানে যাই এবং লোকজন নিয়ে তাকে উদ্ধার করার চেষ্টা করি।’’
ঘটনার পর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইয়েদ মোহাম্মদ আমিরুল্লাহর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, ‘‘রোগী গতকাল হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাকে প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়েছে। সকালে টয়লেটে যাওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।’’
তিনি আরও বলেন, ‘‘ঘটনায় হাসপাতালের কোনো কর্মকর্তা-কর্মচারীর গাফিলতি ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









