বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

গাজীপুর সিটিতে কর মেলা: বকেয়া পরিশোধে ৪০ শতাংশ ছাড়

প্রকাশিত: ১৩ মে ২০২৬, ১১:৫২ এএম

আপডেট: ১৩ মে ২০২৬, ১১:৫২ এএম

গাজীপুর সিটিতে কর মেলা: বকেয়া পরিশোধে ৪০ শতাংশ ছাড়

নগরবাসীকে কর পরিশোধে উদ্বুদ্ধ করা এবং সিটি করপোরেশনের বকেয়া আদায় বাড়াতে বিশেষ কর মেলার আয়োজন করেছে গাজীপুর সিটি করপোরেশন। এ মেলায় চলতি বছরের করের সঙ্গে বকেয়া কর একসাথে পরিশোধ করলে করদাতারা সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত ছাড় সুবিধা পাচ্ছেন।

মঙ্গলবার নগরভবন প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ কর মেলার উদ্বোধন করেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার। উদ্বোধনী অনুষ্ঠানে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সোহেল হাসানসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নাগরিকদের নিয়মিত কর প্রদানের মাধ্যমেই একটি আধুনিক ও পরিকল্পিত নগর গড়ে তোলা সম্ভব। করের অর্থ দিয়েই নগরীর রাস্তা উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য অপসারণ, পরিচ্ছন্নতা ও নাগরিক সেবামূলক কার্যক্রম পরিচালিত হয়। তাই কর প্রদান শুধু দায়িত্ব নয়, নগর উন্নয়নে নাগরিকদের অংশগ্রহণও বটে।

সিটি করপোরেশন সূত্র জানায়, কর মেলায় আবাসিক হোল্ডিং মালিকদের জন্য বিশেষ প্রণোদনা রাখা হয়েছে। বকেয়া করসহ চলতি বছরের কর নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করলে ৪০ শতাংশ পর্যন্ত মওকুফ সুবিধা দেওয়া হচ্ছে। এতে নগরবাসীর মধ্যে ব্যাপক সাড়া পড়েছে।

প্রশাসক মো. শওকত হোসেন সরকার বলেন, “গাজীপুর সিটি করপোরেশনকে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপ দিতে কাজ চলছে। কর মেলার মাধ্যমে নাগরিকদের জন্য সহজ ও ঝামেলামুক্ত পরিবেশে কর পরিশোধের সুযোগ তৈরি করা হয়েছে।”

কর মেলায় আগত অনেক করদাতা জানান, একসঙ্গে বকেয়া কর পরিশোধে বড় অঙ্কের ছাড় পাওয়ায় তারা সন্তুষ্ট। পাশাপাশি দ্রুত ও সহজ সেবা পাওয়ায় এ উদ্যোগকে সময়োপযোগী বলেও মন্তব্য করেন তারা।

সিটি করপোরেশন কর্তৃপক্ষ জানিয়েছে, নাগরিকদের সুবিধার্থে এ কর মেলা আগামী এক মাস চলবে।

শা/গা/কাও

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.