ধীরগতির সংস্কারকাজ ও বৃষ্টির কারণে এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জ অংশে ভয়াবহ যানজট নিত্যদিনের চিত্রে পরিণত হয়েছে। বিশেষ করে কাঞ্চন সেতুর পশ্চিম পাড় থেকে গাজীপুরের গলান এলাকা পর্যন্ত দীর্ঘ যানজটে আটকে পড়ছে শত শত যানবাহন। এতে দূরপাল্লার যাত্রী, পণ্যবাহী ট্রাকচালক ও সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে এ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের।
বৃহস্পতিবার (১৩ মে) সরেজমিনে দেখা যায়, কাঞ্চন সেতুতে ওঠার প্রধান সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানিতে এসব গর্ত ডুবে থাকায় যানবাহন চালকদের জন্য ঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে কাঞ্চন সেতুর প্রবেশমুখে সংস্কারকাজ চলায় পরিস্থিতি আরও নাজুক হয়ে উঠেছে। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থেকে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকগুলোকে অবর্ণনীয় দুর্ভোগে পড়তে হচ্ছে।
চালকরা জানান, ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকায় অতিরিক্ত জ্বালানি খরচ হচ্ছে এবং পচনশীল পণ্য সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পারায় ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। অন্যদিকে যাত্রীদের অভিযোগ, দীর্ঘ যানজটের কারণে বাড়ছে পরিবহন ব্যয় ও কর্মঘণ্টার অপচয়। এতে সাধারণ মানুষের ভোগান্তির পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডেও নেতিবাচক প্রভাব পড়ছে।
ট্রাফিক পুলিশ কাঞ্চন ক্যাম্পের সার্জেন্ট সাইফুল বলেন, যানজট নিরসনে পুলিশ তৎপর থাকলেও জনবল সংকট এবং সড়কের বেহাল অবস্থার কারণে কার্যকর সমাধান মিলছে না। তবে আসন্ন ঈদ যাত্রায় যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে। রাস্তাটি দ্রুত সংস্কারকাজ সম্পন্ন করতে সংশ্লিষ্ট কতৃপক্ষকে বলা হয়েছে জানান পুলিশের এই কর্মকর্তা।
তবে স্থায়ী সংস্কার ছাড়া বৃষ্টির দিনে এই দুর্ভোগ কমবে না, তাছাড়া দ্রুত সংস্কারকাজ সম্পন্ন না হলে ঈদুল আজহাকে কেন্দ্র করে ঘরমুখো মানুষ ও কুরবানির পশুবাহী যানবাহনের চলাচলে বড় ধরনের বিপর্যয় দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









