সিলেটে অভিযান চালিয়ে ৫ লাখ টাকার অধিক জালনোটসহ জাল টাকা সরবরাহকারী চক্রের চার সদস্যকে আটক করেছে র্যাব-৯।
বুধবার (১৩ মে) দুপুরের র্যাব-৯ এর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) কে. এম. শহিদুল ইসলাম সোহাগ।
মঙ্গলবার (১২ মে) দিবাগত রাতে নগরের শাহজালাল (রহ.) মাজার গেট ও বন্দরবাজার এলাকার একটি আবাসিক হোটেলে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন—গুরু চাঁদ বালা (৩৮), শফিকুল ইসলাম (৩৫), মো. সোহাগ সরদার (৩৩) ও মো. রাশেদ মিয়া (৩০)।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার জানান, আমাদের কাছে খবর আসে হযরত শাহজালাল (রহ.) মাজার গেইট এলাকায় এক ব্যক্তি জালনোটসহ অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার রাত ১টার দিকে নগরের বন্দরবাজারের লালবাজার এলাকার হোটেল আলীর (আবাসিক) একটি কক্ষে অভিযান চালায় র্যাব।
এ সময় আরও তিনজনকে আটক করা হয়। অভিযানে তাদের হেফাজতে থাকা ৫ লাখ ২০ হাজার ৭০০ টাকার জালনোট উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে আটককৃতরা র্যাবকে জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় জাল টাকা সরবরাহ ও বাজারজাত করে আসছিল। বিশেষ করে জনবহুল বাজার ও ছোট দোকানগুলোকে টার্গেট করে তারা কম মূল্যের পণ্য কিনে বড় অংকের জাল নোট দিত। পরে দোকানিদের কাছ থেকে আসল টাকা ভাঙতি হিসেবে নিয়ে প্রতারণা করত।
র্যাব কর্মকর্তা জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। সেইসাথে এ চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









