আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে গাজীপুরে মহাসড়ক, মহাসড়ক সংলগ্ন এলাকা, শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ এবং রেলওয়ের পাশের কোনো স্থানে কোরবানির পশুর হাট বসানো যাবে না বলে কঠোর নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন।
বুধবার (১৩ মে) দুপুরে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল কবির ভূঁইয়া জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে যেসব পশুর হাটের ইজারা দেওয়া হয়েছে, সেখানে স্পষ্ট শর্ত জুড়ে দেওয়া হয়েছে— কোনো অবস্থাতেই শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ, মহাসড়ক কিংবা মহাসড়ক তৎসংলগ্ন এলাকায় কোরবানির পশুর হাট বসানো যাবে না।
তিনি বলেন, “এরপরও যদি কেউ এসব নিষিদ্ধ স্থানে পশুর হাট বসানোর চেষ্টা করে, তবে সেই হাটকে অবৈধ হিসেবে গণ্য করা হবে। পাশাপাশি সংশ্লিষ্টদের বিরুদ্ধে জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর আইনগত ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।”
জেলা প্রশাসক আরও জানান, ঈদকে কেন্দ্র করে জনদুর্ভোগ, যানজট ও জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে। বৈধ ও নির্ধারিত স্থানে পশুর হাট পরিচালনার জন্য সংশ্লিষ্ট ইজারাদারদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
এ সময় তিনি মহাসড়ক থেকে সকল ধরনের অবৈধ দোকানপাট উচ্ছেদের বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানান।
উল্লেখ্য, আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে গাজীপুর জেলা প্রশাসন ইতোমধ্যে জেলার বিভিন্ন স্থানে নির্ধারিত শর্তসাপেক্ষে পশুর হাট ইজারা দিচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে হাটগুলোতে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতে নজরদারি জোরদার করা হবে বলেও জানানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









