মাদারীপুর জেলার শিবচরে কুকুরের কামড়ে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৪ শিশু মারাত্মক ভাবে আহত হয়েছে। আশংকাজনক অবস্থায় তিন শিশু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার শিরুয়াইল ইউনিয়নের উৎরাইল গ্রামে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার(১৪ মে) দুপুর পর্যন্ত আহতদের মধ্যে তিন শিশু এখনও ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। অন্যরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন বলে জানা গেছে।
জানা গেছে, সকালে উৎরাইল ২ নং ওয়ার্ডের মধ্যের বাজার এলাকায় অতর্কিত ভাবে একটি কুকুর নারী, পুরুষ ও শিশুদের কামড়াতে থাকে। এসময় কেরামত আলী বেপারীর মেয়ে মরিয়ম আক্তার(৫), ওবাদুর বেপারীর ছেলে আয়ান(২), মো. বাদল এর ছেলে মুরসালিন(৫), রুবেল বেপারীর মেয়ে রুবিনা(৫) সহ কমপক্ষে ৮ জন কুকুরের কামড়ে আহত হয়। এই ঘটনায় এলাকায় মানুষের মধ্যে আতংক বিরাজ করছে।
স্থানীয় লিয়াকত বেপারী বলেন,'এই এলাকার রাস্তাঘাটে দল ধরে কুকুর ঘুরে বেড়ায়। বাচ্চারা সকালে মসজিদে আরবি পড়তে, স্কুলে যেতে ভয় পায়। উৎরাইল নয়াবাজার, কৃষিব্যাংকের মোড়, মধ্যের বাজার এলাকায় ১০/১২ টি কুকুরের দল ঘুরে বেড়ায়। বুধবার সকালে এক বাচ্চাকে একটি কুকুর পায়ে কামড় দেয়। দুপুরের দিকে ওই কুকুরটি আরও তিন বাচ্চার মুখে মারাত্মক ভাবে কামড় দিয়ে মাংস তুলে নেয়। এসময় নারী-পুরুষ সহ বড়দেরও কামড়ায়।'
তিনি আরও বলেন,'আমার ভাতিজির মুখের মাংস তুলে নিছে কুকুরে। প্রায় ৩০ মিনিটের মধ্যে ৭/৮ জনকে কামড়ায়। প্রথমে আমরা শিবচর হাসপাতালে যাই। সেখানে ভ্যাকসিন না থাকায় ঢাকা মেডিকেলে চলে আসি। এখানেই আমরা আহত ৭ জনকে নিয়ে আসি।'
স্থানীয়রা জানান,'বৃহস্পতিবার এলাকায় সতর্কভাবে চলাচলের জন্য মাইকিং করা হয়েছে। বাচ্চারা যেন একা রাস্তায় না বের হয়। এজন্য সচেতনতামূলক মাইকিং করা হয়।'
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) এইচএম ইবনে মিজান বলেন,'খুবই দুঃখজনক। বিষয়টি খোঁজ নিচ্ছি। তাছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন রয়েছে কিনা এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।'


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









