একদিকে জমকালো আয়োজনে নতুন হলরুমের উদ্বোধন, অন্যদিকে একটি অ্যাম্বুলেন্সের জন্য হাহাকার। এমন এক চরম বৈপরীত্যের চিত্র দেখা গেছে বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জেলা পরিষদের অর্থায়নে হাসপাতালটিতে প্রয়াত চিকিৎসক ডা. উইলিয়াম লুসাই স্মরণে একটি মেমোরিয়াল হলরুম উদ্বোধন করা হলেও হাসপাতালের মূল সংকট রয়ে গেছে অপরিবর্তিত।
অনুষ্ঠানে বক্তারা প্রয়াত ডা. উইলিয়াম লুসাইয়ের কর্মময় জীবনের প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সাথে হাসপাতালের বর্তমান প্রশাসক ডা. গোলাম মোস্তফা নাদিমের নিবেদিতপ্রাণ নেতৃত্ব ও করোনাকালীন পরবর্তী স্বাস্থ্যসেবায় তার টিমের নিরলস প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন।
তবে উদ্বোধনের দিনে হাসপাতালের তীব্র অ্যাম্বুলেন্স সংকট নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম বলেন, “অ্যাম্বুলেন্স সেবার জন্য আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়, জেলা সিভিল সার্জন এবং জেলা পরিষদে দফায় দফায় চিঠি পাঠিয়েছি। বিভিন্ন দপ্তরে একশোরও বেশি চিঠি দিয়েও আমরা নতুন কোনো অ্যাম্বুলেন্স পাচ্ছি না।”
তিনি আরও জানান, হাসপাতালটি ৫০ শয্যার হলেও প্রতিদিন শতাধিক ইনডোর রোগীকে সেবা দিতে হচ্ছে। দীর্ঘদিন পর আল্ট্রাসোনোগ্রাম ও এক্স-রে মেশিনের ঘাটতি পূরণ হলেও অ্যাম্বুলেন্স ও জনবল সংকট প্রকট। তবে আশার কথা হলো, বর্তমান সরকারের ১০০ বেড কর্মসূচির আওতায় ইতিমধ্যে এখানে একটি ৯ তলা ভবনের সম্ভাব্য স্থান প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি বিদ্যমান সমস্যা নিরসনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিংপ্রু জেরীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বিষয়টি ইতিবাচকভাবে গ্রহণের আশ্বাস দিয়েছেন।
সিনিয়র স্বাস্থ্য সহকারী সমীরণ বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আরএমও ডা. সোলাইমান, প্রেস ক্লাব সেক্রেটারি মুহাম্মদ কামরুজ্জামান, সিনিয়র মাঠ কর্মী ফখরুল ইসলাম এবং সিনিয়র নার্স উম্মে সালমা।
অনুষ্ঠানে মেডিকেল অফিসার ডা. এম ফরহাদ হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা জাকির হোসেনসহ হাসপাতালের কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মাঠ পর্যায়ের স্বাস্থ্য সহকারীরা বিগত এক মাসের কাজের অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









