লাদাখের রাজ্যের মর্যাদা ও অন্যান্য দাবি নিয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনা দীর্ঘদিন ধরে চলছে, কিন্তু এখনও কোনো স্পষ্ট সমাধান আসেনি। এই পরিস্থিতিতে শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুক ফের বড় আন্দোলনের ডাক দিলেন। তার স্পষ্ট বার্তা—সরকার যদি এক সপ্তাহের মধ্যে লাদাখ সংক্রান্ত সব বিষয়ে নিশ্চয়তা না দেয়, তাহলে ১৯ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত নতুন করে আন্দোলন শুরু হবে।
বৃহস্পতিবার নয়াদিল্লিতে লাদাখের গুরুত্বপূর্ণ কয়েকটি সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রকের (এমএইচএ) উপ-কমিটির বৈঠকের পর আলোচনায় তেমন অগ্রগতি না হওয়ায় হতাশা প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই এই হুঁশিয়ারি দেন তিনি।
ওয়াংচুক জানিয়েছেন, লাদাখের সব দাবি নিয়ে আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে স্পষ্ট আশ্বাস দিতে হবে। তা না হলে ১৯ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত নতুন করে আন্দোলন করা হবে।
লাদাখের জন্য আরও স্বায়ত্তশাসন এবং রাজ্যের মর্যাদার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন ওয়াংচুক। গত বছরের সেপ্টেম্বরে লাদাখে আন্দোলন ঘিরে সহিংসতার পর তাকে কঠোর জাতীয় নিরাপত্তা আইনে (এনএসএ) গ্রেপ্তার করা হয়। তিনি প্রায় ছয় মাস যোধপুরের জেলে ছিলেন।
গত বছরের ২৪ সেপ্টেম্বর লাদাখে স্বায়ত্তশাসনের দাবিতে বিক্ষোভ ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়ে। ওই ঘটনায় চারজনের মৃত্যু হয় এবং আরও অনেকে আহত হন। এর দুদিন পর, ২৬ সেপ্টেম্বর, ওয়াংচুককে গ্রেপ্তার করা হয়।
২০১৮ সালে ম্যাগসেসে পুরস্কার পাওয়া ওয়াংচুক লাদাখকে আরও বেশি রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষমতা দেওয়ার দাবিতে আন্দোলনের অন্যতম প্রধান মুখ। তবে গত বছরের সহিংসতার জন্য তাঁকেই দায়ী করেছিল কেন্দ্রীয় সরকার। সরকারের অভিযোগ ছিল, তাঁর বক্তব্য ও কর্মকাণ্ডের মাধ্যমে বিক্ষোভকারীদের উসকে দেওয়া হয়েছিল।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









