নিজেদের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগে মাছুম শেখ (৩৫) নামে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি তাকে ১০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের বালুয়াভিটা এলাকায় এ বিচারিক কার্যক্রম পরিচালনা করেন কালীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক আল-আমিন হালদার জানান, মাছুম শেখ নেশাগ্রস্ত অবস্থায় নিজের বাড়িতে অগ্নিসংযোগ করেন বলে অভিযোগ ওঠে। পরে তার মা বিষয়টি জানিয়ে অভিযোগ করেন। অভিযোগের পর ঘটনাটি যাচাই করতে সেখানে অভিযান পরিচালনা করে প্রশাসন।
অভিযানের পর মাছুম শেখের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় মামলা করা হয়। ওই মামলায় শুনানি শেষে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক আল-আমিন হালদার।
দণ্ডপ্রাপ্ত মাছুম শেখ বালুয়াভিটা এলাকার মৃত সফুর উদ্দিন শেখের ছেলে। তার ঠিকানা বালুয়াভিটা, পোস্ট ও ইউনিয়ন জামালপুর, কালীগঞ্জ, গাজীপুর।
অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন কালীগঞ্জ থানার এএসআই মো. এমারত হোসেন। ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী ছিলেন মাহবুবুল ইসলাম।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









