পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ভারতকেন্দ্রিক যে শক্তি বাংলাদেশে সক্রিয় রয়েছে, সিভিল ফরম্যাটে থাকা আওয়ামী লীগের সেই শক্তির সঙ্গে কোনো ধরনের আপস করা যাবে না। ভারতের সাথে কোনো নতজানু পররাষ্ট্রনীতি চলবে না বলে মন্তব্য করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী।
শনিবার (১৬ মে) দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে রাজশাহী মহানগর ও জেলা পর্যায়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নাসীরউদ্দীন পাটওয়ারী বলেন, ‘‘পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ভারতীয় যে শক্তি বাংলাদেশে সক্রিয় রয়েছে, সিভিল ফরম্যাটে ভারতকেন্দ্রিক আওয়ামী লীগ বাহিনীর সাথে কোনো কম্প্রোমাইজ করা চলবে না। ভারতের সাথে কোনো নতজানু পররাষ্ট্রনীতি চলবে না। যদি আপনি বলেন সবার আগে বাংলাদেশ, তাহলে সীমান্তে কিভাবে মানুষ খুন হয় সেই প্রশ্নের জবাব দিতে হবে।’’
রাজশাহীর কৃষি ও আম শিল্পের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘‘রাজশাহীর আম শুধু এ অঞ্চলের সম্পদ নয়, এটি পুরো বাংলাদেশের এবং বিশ্বের সম্পদ। কিন্তু কৃষক ন্যায্য মূল্য পাচ্ছে না। কৃষক ২০ টাকায় আম বিক্রি করলেও ঢাকায় সেটি ১০০ টাকায় বিক্রি হয়। মাঝখানে সিন্ডিকেট ও দালাল শ্রেণী লাভবান হচ্ছে।’’
তিনি আরও বলেন, ‘‘আমের কোনো সিন্ডিকেট চলবে না। আম সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ ও আধুনিক সংরক্ষণ ব্যবস্থা চালু করতে হবে। রাজশাহীকে প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার আওতায় আনতে হবে।’’
নাসীরউদ্দীন পাটওয়ারী বলেন, ‘‘আমরা সরকারে থাকি কিংবা জনতার কাতারে থাকি, রাজশাহীবাসীর জন্য লড়াই করবো। আপনাদের যে কোনো সমস্যায় এনসিপি পাশে থাকবে।’’
পানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, “রাজশাহীবাসীর নদীতে পানি চাই। নদীর পানির প্রশ্নে কোনো আপস করা হবে না। খাল খননের আগে নদীতে পানি আনতে হবে। যদি প্রয়োজন হয়, পানির অধিকারের জন্য আবারও লং মার্চ হবে।’’
তিনি আরও বলেন, ‘‘আপনাদের অধিকার আপনাদেরকেই আদায় করে নিতে হবে। সেই আন্দোলনে জাতীয় নাগরিক পার্টি আপনাদের সাথে আছে।’’
পাটওয়ারী বলেন, ‘‘রাজশাহীতে এতো ইউনিভার্সিটি-কলেজ রয়েছে, যেখানে হাজার হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে। কিন্তু পড়াশোনা শেষে ভালো চাকরি বা কর্মসংস্থানের কোনো ব্যবস্থা এখানে নেই।’’
তিনি বলেন, ‘‘আমরা শুধু কতগুলো কার্ড পেয়েছি, যেগুলো পকেটে নিয়ে ঘুরতে হয়। আমরা আগেই বলেছিলাম, এই কার্ডে যদি টাকা না আসে, তাহলে আমরাও একটা কার্ড বানাবো। সেই কার্ডের নাম হবে ‘লাল কার্ড’, যেটা আমরা সরকারের হাতে ধরিয়ে দেব।’’
নাসীরউদ্দীন পাটওয়ারী বলেন, ‘‘আমরা লুটপাট বা চাঁদাবাজির রাজনীতি করি না। আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতি করি।’’
বক্তব্যের একপর্যায়ে ঐতিহাসিক ফারাক্কা দিবসের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘‘আজকের এই দিনে মাওলানা ভাসানী ভারতের বিরুদ্ধে পানির ন্যায্য হিস্যার দাবিতে আন্দোলনের ডাক দিয়েছিলেন। যারা তার আদর্শের কথা বলে, তাদের সেই নীতিও ধারণ করতে হবে।’’
অনুষ্ঠানে নেতৃবৃন্দ গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করেন এবং আগামী দিনে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজ, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক গাজী সালাউদ্দিন তানভীর, জাতীয় নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিন, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন এবং মহানগরের আহ্বায়ক মোবাশ্বের আলীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রায় এক হাজারের অধিক নেতাকর্মী এনসিপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









