জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত নারায়ণগঞ্জের সাহালম ইসলাম চিকিৎসা ব্যয় বহনে জেলা পরিষদের প্রশাসকের কাছে আর্থিক সহায়তার আবেদনের পরিপ্রেক্ষিতে অনুদান দেওয়া হয়েছে।
রবিবার (১৭ মে) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ এই আর্থিক অনুদান দেন।
জুলাইয়ে আহত সাহালম ইসলাম জানান, তার বাড়ি নারায়ণগঞ্জ সদর উপজেলার কদমতলী নয়াপাড়া এলাকায়। তিনি গত ১৭ জুলাই ২০২৪ তারিখে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিতে গিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রায়েরবাগ এলাকায় গুলিবিদ্ধ হন।
তিনি জানান, প্রথমে তার কোমরের হাড়ে গুলি লাগে। পরে শর্টগান থেকে ছোড়া দুটি গুলি ও ছিটে গুলিতে তার হাতের দুটি আঙুল ক্ষতিগ্রস্ত হয়। বাম হাতে গুরুতর আঘাত লাগায় অস্ত্রোপচার করতে হয়। একই দিন তাকে মদনপুর আল-বারাকা হাসপাতালে ভর্তি করা হয়।
এ পর্যন্ত তার দুটি বড় অপারেশন সম্পন্ন হয়েছে। এছাড়া কোমরের হাড়ে আরও দুটি বড় অপারেশন এবং হাতে আরও একটি অস্ত্রোপচার প্রয়োজন বলে চিকিৎসকরা জানিয়েছেন।
সাহালম ইসলাম পেশায় একজন পিকআপভ্যান চালক ছিলেন। আহত হওয়ার পর থেকে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তিনি আর কোনো কাজ করতে পারছেন না। চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েছেন বলেও জানান তিনি।
বর্তমানে স্ত্রী ও এক সন্তানকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন উল্লেখ করে তিনি বলেন, “এখন পর্যন্ত কোনো সরকারি বা বেসরকারি আর্থিক সহায়তা পায়নি।”
এ অবস্থায় প্রয়োজনীয় চিকিৎসা ও অপারেশনের ব্যয় বহনের জন্য জেলা পরিষদের কাছে মানবিক সহায়তার আবেদন করলে রবিবার অনুদানের চেক হাতে পান সাহালম।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









