দ্বিতীয় দিনের খেলা শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ১১০ রান যোগ করেছে নাজমুল হোসেন শান্তর দল। ৭ উইকেট হাতে নিয়ে বাংলাদেশের লিড ১৫৬ রানের। এতে দ্বিতীয় দিন শেষে ম্যাচে এগিয়ে টাইগাররা।
এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ করেছে ২৭৮ রান, আর পাকিস্তানের সংগ্রহ ২৩২ রান।
৪৬ রানে এগিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই তানজিদ তামিমকে হারায় বাংলাদেশ। অভিষিক্ত এই ওপেনার ৭ বল খেলে ৪ রানে ফিরেছেন।
শুরুর সেই ধাক্কা দারুণভাবে সামাল দিয়েছেন মুমিনুল হক ও মাহমুদুল হাসান জয়। বিশেষ করে জয় শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে বেশ আত্মবিশ্বাসী ছিলেন। পেয়েছেন ফিফটির দেখাও। তিনি সবমিলিয়ে ৬৪ বলে করেছেন ৫২ রান।
শেষ বিকেলে মুমিনুল হককে হারিয়েছে বাংলাদেশ। দারুণ শুরু করা এই ব্যাটার ৬০ বলে করেছেন ৩০ রান। মুমিনুলের আউটের পরপরই দিনের খেলা শেষ করেন আম্পায়াররা।
এর আগে প্রথম দিনের বিনা উইকেটে ২১ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে পাকিস্তান। লাঞ্চের আগে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে দলটি। মিডল অর্ডারে একমাত্র বাবর আজম লড়াই করেছেন। এ ছাড়া আর কেউই সুবিধা করতে পারেননি।
বাবর ৬৮ রান করে নাহিদ রানার বলে সাজঘরে ফেরেন। এরপর সালমান আলি আগা-মোহাম্মদ রিজওয়ানরা চেষ্টা করেও বেশিক্ষণ টিকতে পারেননি। দুজনেই উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। ১৮৪ রানে ৮ উইকেট হারানো পাকিস্তান দুইশ ছুঁয়েছে লেজের সারির ব্যাটারদের কল্যাণে। ৯ নম্বরে নামা সাজিদ খান করেছেন ২৮ বলে ৩৮ রান। শেষ পর্যন্ত ২৩২ রানে থামে পাকিস্তান, ফলে ৪৬ রানের লিড পায় বাংলাদেশ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









