কক্সবাজারের কুতুবদিয়ায় পৃথক ঘটনায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১৭ মে) উপজেলার কৈয়ারবিল ও লেমশীখালী ইউনিয়নে এক ঘণ্টার ব্যবধানে এ দুটি দুর্ঘটনা ঘটে।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুল হক জানান, বেলা সাড়ে ১১টার দিকে কৈয়ারবিল ইউনিয়নের বিন্দাপাড়া এলাকার রমিজ আলমের সাড়ে তিন বছর বয়সী ছেলে সৈয়দ হাসান বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, একই দিন দুপুর দেড়টার দিকে লেমশীখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কড়লাপাড়া এলাকার এরশাদের পাঁচ বছর বয়সী ছেলে সাব্বির পুকুরে ডুবে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রাশেদুল ইসলাম বলেন, “পুকুরে ডুবে যাওয়া দুই শিশুকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









