চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাউসপুর ব্রিজের নিচ থেকে দুদু হোসেন (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের পরিবারের দাবি, ভ্যান চুরির অপবাদ দিয়ে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
রবিবার (১৭ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হাউসপুর ব্রিজ সংলগ্ন বটগাছ তলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত দুদু হোসেন আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের আসাননগর গ্রামের মিজানুর রহমানের ছেলে।
পরিবারের সদস্যদের অভিযোগ, গত দুই দিন আগে ৩-৪ জন যুবক তাদের বাড়িতে গিয়ে দুদুর বিরুদ্ধে একটি ভ্যান চুরির অভিযোগ তোলে। এ সময় তারা দুদুকে হুমকি দিয়ে বলে, “ভ্যান খুঁজে না পেলে তোকে মেরে ফেলবো।”
পরিবারের দাবি, ওই যুবকেরাই ভ্যান চুরির অপবাদ দিয়ে দুদুকে পিটিয়ে হত্যা করে মরদেহ ফেলে রেখে গেছে। তবে অভিযুক্ত চারজনের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পরিবার।
স্থানীয়রা জানান, রবিবার রাতে হাউসপুর ব্রিজের মোড়ে বটগাছের নিচে একটি মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









