দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় আজ ১০৬ বছরে পদার্পণ করেছে। ১৯২১ সালের ১ জুলাই প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধসহ দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ গণআন্দোলনে নেতৃত্ব দিয়ে ইতিহাসে অনন্য স্থান করে নিয়েছে। দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাবেক ও বর্তমান শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক অ্যালামনাই দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানে জ্ঞান-বিজ্ঞান, অর্থনীতি ও বিভিন্ন পেশায় গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। গবেষণা ও উদ্ভাবনকে এগিয়ে নিতে তাদের আরও সক্রিয়ভাবে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১ জুলাই) সকালে উপাচার্য ভবন-সংলগ্ন স্মৃতি চিরন্তন চত্বর থেকে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুর ইসলামের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে।
সকালে ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন হলের পতাকা উত্তোলন, কেক কাটা, জাতীয় সংগীত, বিশ্ববিদ্যালয়ের থিম সং, রবীন্দ্রসংগীত ও নজরুলসংগীত পরিবেশনের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে বিদেশি শিক্ষার্থীরাও সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেবেন।
এরপর টিএসসি মিলনায়তনে উপাচার্যের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও উচ্চশিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. এ এফ সিরাজুল ইসলাম চৌধুরী।
বিকেল ৩টায় সামাজিক বিজ্ঞান অনুষদের উদ্যোগে অধ্যাপক মোজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম। আলোচনায় অংশ নেবেন অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ এবং উন্নয়ন অধ্যয়ন বিভাগের সাবেক অধ্যাপক ড. মাহবুব উল্লাহ।
১৯২১ সালে তৎকালীন পূর্ববঙ্গে উচ্চশিক্ষার প্রসারের লক্ষ্যে প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় দীর্ঘ এক শতাব্দীরও বেশি সময় ধরে দেশের শিক্ষা, গবেষণা ও নেতৃত্ব তৈরির অন্যতম কেন্দ্র হিসেবে ভূমিকা রেখে চলেছে। পাশাপাশি ভাষা আন্দোলন, ১৯৬৯-এর গণঅভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং সাম্প্রতিক গণতান্ত্রিক আন্দোলনেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছে দেশের ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









