পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে ক্লারিয়ন কল ম্যাথ অলিম্পিয়াড ২০২৬।
শনিবার (৪ জুলাই) রাজধানীর গুলশানে মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ-এর অডিটোরিয়ামে বর্ণাঢ্য আয়োজনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, শিক্ষাবিদ ও আয়োজক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের অলিম্পিয়াডে দেশের ৮৪টি ইংলিশ মিডিয়াম ও ইংলিশ ভার্সন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১ হাজার ৫০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিভিন্ন গ্রুপ থেকে সেরা ৯৯ জনকে ক্রেস্ট, সনদ ও প্রাইজমানি প্রদান করা হয়। প্রতিটি গ্রুপে চ্যাম্পিয়ন, প্রথম রানার-আপ এবং দ্বিতীয় রানার-আপকে যথাক্রমে ১০ হাজার, ৭ হাজার ও ৫ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হয়।
বি গ্রুপের দ্বিতীয় রানার-আপ সুস্মিতা দাস অনুভূতি প্রকাশ করে বলেন, “প্রথমবার কোনো অলিম্পিয়াডে অংশ নিয়ে তৃতীয় স্থান অর্জন করতে পেরে আমি খুব আনন্দিত। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন নিয়মিত হলে শিক্ষার্থীরা নিজেদের দক্ষতা ও মেধা আরও বিকশিত করার সুযোগ পাবে।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব রেজাইনা, কানাডার জাস্টিস স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আসাদুল্লাহ। তিনি বলেন, “বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শুধু অংশগ্রহণ করাই যথেষ্ট নয়, উৎকর্ষ অর্জনের জন্য নিয়মিত চর্চা, নতুন ধারণার বিকাশ এবং সৃজনশীল চিন্তার বিকল্প নেই। অর্জিত জ্ঞান ও দক্ষতা দেশের কল্যাণে কাজে লাগাতে হবে।”
ক্লারিয়ন কলের সম্পাদক কর্নেল (অব.) জেড আর এম আশরাফ উদ্দিন, পিএসসি বলেন, “মেধাবী শিক্ষার্থীদের যথাযথ পরিচর্যা, উৎসাহ ও সহযোগিতা নিশ্চিত করা গেলে তারাই একদিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে এবং দেশের জন্য গৌরব বয়ে আনবে।”
এ সময় আরও উপস্থিত ছিলেন লক্সব্রিজ স্কুলের প্রিন্সিপাল উসমান গণী আজম খান, ক্লারিয়ন কলের নির্বাহী সম্পাদক মো. নিয়ামত উল্লাহসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি ও বিশিষ্ট অতিথিরা।
উল্লেখ্য, শিক্ষার্থীদের মধ্যে গণিতচর্চা জনপ্রিয় করা এবং আন্তর্জাতিক মানের গণিত দক্ষতা গড়ে তোলার লক্ষ্য নিয়ে ২০২৪ সাল থেকে ক্লারিয়ন কল ম্যাথ অলিম্পিয়াড আয়োজন করা হচ্ছে। এর ধারাবাহিকতায় ২০২৬ সালের প্রতিযোগিতা ঢাকার সাতটি অঞ্চলের নয়টি ভেন্যুতে অনুষ্ঠিত হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









