প্রকাশিত হয়েছে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল, যেখানে দেশের ১১টি শিক্ষা বোর্ডে সার্বিক গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২.২৫ শতাংশে। বোর্ডের আঞ্চলিক ফলাফলে দেখা গেছে, সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের মধ্যে ৭১.৬৩ শতাংশ পাসের হার নিয়ে শীর্ষ অবস্থান ধরে রেখেছে ঢাকা শিক্ষা বোর্ড। এছাড়াও জিপিএ–৫ পাওয়া শিক্ষার্থীতে দেশে শিক্ষা বোর্ডগুলোর মধ্যে শীর্ষে আছে ঢাকা শিক্ষা বোর্ড। জিপিএ–৫ পেয়েছে ৩৩২৫৩ জন। অন্যদিকে, ৫৭.৩৯ শতাংশ গড় পাসের হার নিয়ে ফলাফলের তলানিতে নেমে গেছে ময়মনসিংহ শিক্ষা বোর্ড।
তবে ১১টি শিক্ষা বোর্ডের হিসাব ধরলে এসএসসি ও সমমান পরীক্ষায় এবার সবচেয়ে কম পাসের হার মাদরাসা বোর্ডে। এ বোর্ডে দাখিলে পাসের হার মাত্র ৫৫ দশমিক ৪৯ শতাংশ।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ সময় দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শিক্ষামন্ত্রীর কাছে পরীক্ষার ফল হস্তান্তর করেন।
৬৬ দশমিক ২৭ শতাংশ পাসের হারে নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে যশোর বোর্ড। এরপর রয়েছে কুমিল্লা (৬৫ দশমিক ৪২ শতাংশ) ও রাজশাহী বোর্ড (৬৩ দশমিক ৬৭ শতাংশ)।
এ ছাড়া বরিশালে পাসের হার ৬০ দশমিক ৩৫ শতাংশ, চট্টগ্রামে ৫৯ দশমিক ৪৮ শতাংশ, সিলেটে ৫৮ দশমিক ৩৩ শতাংশ এবং দিনাজপুরে ৫৮ দশমিক ০৫ শতাংশ।
এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে মোট ১ লাখ ১৬ হাজার ৮৭৬ শিক্ষার্থী।
শুধু নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে (এসএসসি) পাসের হার ৬৪ দশমিক ০৫ শতাংশ, মাদ্রাসা বোর্ডে (দাখিল) ৫৫ দশমিক ৪৯ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে (ভোকেশনাল) পাসের হার ৫৮ দশমিক ২০ শতাংশ।
এ বছর মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ পরীক্ষার্থীর মধ্যে ১১ লাখ ৩৮ হাজার ৮৪৭ জন উত্তীর্ণ হয়েছে। গত বছর এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ এবং এক লাখ ৩৯ হাজার ৩২ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









