ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশেষ মর্যাদা দেওয়ার পাশাপাশি শিক্ষা, গবেষণা ও বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে আগামী জানুয়ারিতে অনুষ্ঠেয় সম্ভাব্য সমাবর্তনে যোগ দেওয়ার আমন্ত্রণও গ্রহণ করেছেন তিনি।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সাক্ষাৎকালে এসব বিষয়ে আলোচনা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক, সিন্ডিকেট সদস্য ও মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান উপস্থিত ছিলেন।
বৈঠকে উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি, চলমান বৃহৎ উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত ২০ বছর মেয়াদি একাডেমিক ডেভেলপমেন্ট প্ল্যান সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
এ ছাড়া বিশ্বের বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম, ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক জোরদার, অ্যালামনাই নেটওয়ার্ক সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের কল্যাণে নেওয়া সাম্প্রতিক বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন উপাচার্য।
মহান ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদানের স্বীকৃতি হিসেবে প্রতিষ্ঠানটিকে বিশেষ মর্যাদা দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর সহযোগিতা চান উপাচার্য।
পাশাপাশি গবেষণা খাতে অর্থায়ন বাড়ানো, বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সৃষ্টি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিকস, জীববিজ্ঞান ও জীবপ্রযুক্তির মতো আধুনিক বিষয়ে শিক্ষা ও গবেষণার পরিধি বাড়াতে সরকারের সহায়তা কামনা করেন তিনি। শিক্ষার্থীদের সৃজনশীলতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বিকাশে সহশিক্ষামূলক কার্যক্রম আরও জোরদারের বিষয়েও আলোচনা হয়।
উপাচার্যের বক্তব্য শোনার পর প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশেষ মর্যাদা প্রদান এবং বৃহৎ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক র্যাংকিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে সম্মানজনক অবস্থানে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের (অ্যালামনাই) সহযোগিতা নিয়ে প্রতিষ্ঠানটিকে আরও এগিয়ে নেওয়ার পরামর্শ দেন তিনি।
সাক্ষাৎ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি প্রধানমন্ত্রীর আন্তরিকতা এবং শিক্ষা ও উন্নয়ন কার্যক্রমে সহযোগিতার আশ্বাসের জন্য তাকে ধন্যবাদ জানান উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









