মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ৪২ দিনব্যাপী ‘প্রফেশনাল ডেভেলপমেন্ট ট্রেনিং’-এর তৃতীয় ব্যাচের আবাসিক প্রশিক্ষণ আগামী ১২ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ‘লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস)’ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ পরিচালিত হবে। বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে আয়োজিত এই প্রশিক্ষণে বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিষয়ের শিক্ষকরা অংশ নেবেন।
মাউশির লেইস প্রকল্পের অতিরিক্ত দায়িত্বে থাকা প্রকল্প পরিচালক অধ্যাপক মো. আসাদুজ্জামান জানান, অংশগ্রহণকারী শিক্ষকদের নির্ধারিত ১১ সেপ্টেম্বর বিকেলের মধ্যে নিজ নিজ প্রশিক্ষণ কেন্দ্রে উপস্থিত হয়ে রিপোর্ট করতে হবে। যোগদানের সময় জাতীয় পরিচয়পত্র, প্রথম যোগদানের কপি, এমপিও বা আইবাস বিলের কপি এবং প্রধান শিক্ষকের ছাড়পত্র সঙ্গে রাখতে হবে। এছাড়া প্রশিক্ষণার্থীদের প্রথম সপ্তাহের খাবার ও আনুষঙ্গিক খরচ নিজেদের সঙ্গে আনতে বলা হয়েছে, যা পরবর্তীতে নিয়ম অনুযায়ী সমন্বয় করা হবে।
দেশের ১৪টি সরকারি টিচার্স ট্রেনিং কলেজে (টিটিসি) একযোগে এই আবাসিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানগুলো হলো—ঢাকা, ময়মনসিংহ (পুরুষ ও মহিলা), রংপুর, রাজশাহী, যশোর, খুলনা, ফেনী, বরিশাল, পাবনা, ফরিদপুর, কুমিল্লা, সিলেট ও চট্টগ্রাম সরকারি টিটিসি। প্রতিটি কেন্দ্রে সংশ্লিষ্ট বিষয়ের ওপর ৪০ জন করে শিক্ষক অংশ নেওয়ার সুযোগ পাবেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









