মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে শ্রমিকদের জীবনযাত্রার মান বজায় রাখতে নতুন বেতন কাঠামো নির্ধারণ এবং অবিলম্বে শ্রমিক ছাঁটাই বন্ধের জোরালো দাবি জানিয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান।
শুক্রবার (২ অক্টোবর) সকাল ৮টায় পিরোজপুর শহরের করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পিরোজপুর জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত ‘দায়িত্বশীল সমাবেশ-২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আতিকুর রহমান বলেন, দেশের শ্রমিকরা ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন। মুদ্রাস্ফীতি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির কারণে তাদের জীবনযাপন অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। পাশাপাশি তেল-গ্যাসের দাম বৃদ্ধির প্রভাবও বাজারে পড়ছে। গত সাত মাসে বিভিন্ন মিল-কারখানা বন্ধ হয়ে যাওয়ায় হাজার হাজার শ্রমিক কর্মহীন হয়েছেন উল্লেখ করে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কোনোভাবেই অযৌক্তিক শ্রমিক ছাঁটাই মেনে নেওয়া হবে না।
জুলাই আন্দোলনে শ্রমিকদের আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, ওই আন্দোলনে প্রায় ৩০০ শ্রমিক শহীদ হয়েছেন। দেশের বিভিন্ন সংকটে যারা অগ্রণী ভূমিকা রেখেছেন, তাদের এমন মানবেতর জীবনযাপন কোনোভাবেই কাম্য নয়। এ সময় রাষ্ট্রীয় অব্যবস্থাপনা এড়িয়ে কর্মক্ষেত্রে শ্রমিকদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।
বাংলাদেশের পোশাকশিল্পের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দেশে প্রায় ৪০ লাখ পোশাক শ্রমিক কাজ করলেও তাদের জীবনমানের কাঙ্ক্ষিত পরিবর্তন হয়নি। শ্রমিকরা বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন এবং তাদের সন্তানদের উচ্চশিক্ষার সুযোগও সীমিত। বর্তমান পুঁজিবাদী ব্যবস্থায় শ্রমিকদের সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় দাবি করে তিনি মালিক-শ্রমিক উভয়ের সুষম দায়িত্ব পালনের মাধ্যমে ‘ইসলামী শ্রমনীতি’ বাস্তবায়নের ওপর জোর দেন।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পিরোজপুর জেলা শাখার সভাপতি খন্দকার ছিদ্দিকুল ইসলামের সভাপতিত্বে এবং জেলা সাধারণ সম্পাদক শাহ জামাল ও সহকারী সাধারণ সম্পাদকের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন— সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি হারুনুর রশিদ, অঞ্চল সহকারী আব্দুর রব, পিরোজপুর জেলা শাখার উপদেষ্টা মো. জহিরুল হক ও আব্দুর রাজ্জাক শেখসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









