বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

দীর্ঘ ছুটি শেষে আজ খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬, ০৮:৩১ এএম

আপডেট: ২৯ মার্চ ২০২৬, ০৮:৩১ এএম

দীর্ঘ ছুটি শেষে আজ খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান

রোজা, ঈদুল ফিতর, স্বাধীনতা দিবসসহ কয়েক দফা ছুটি মিলিয়ে টানা ৩৮ দিনের ছুটি শেষে আজ রোববার (২৯ মার্চ) খুলছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। আনুষ্ঠানিকভাবে গত বৃহস্পতিবার (২৬ মার্চ) ছুটি শেষ হয়। কিন্তু পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় শ্রেণিকক্ষে কার্যক্রম শুরু হচ্ছে আজ।

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্বাচন, রোজা ও ঈদের কারণে বছরের প্রথম তিন মাসে শ্রেণি কার্যক্রম তুলনামূলকভাবে কম হয়েছে। এতে শিক্ষার্থীদের মধ্যে শিখন ঘাটতি তৈরি হয়েছে। এই ঘাটতি কাটিয়ে উঠতে ছুটির পর থেকে পুরোদমে ক্লাস নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বাৎসরিক ছুটির তালিকা অনুযায়ী, এ বছর রোজা ও ঈদের ছুটি শুরু হওয়ার কথা ছিল ৮ মার্চ থেকে। তবে অভিভাবকদের করা রিটের পর হাইকোর্টের আদেশ এবং পরবর্তী সময়ে নতুন সরকারের সিদ্ধান্তে ১৯ ফেব্রুয়ারি থেকে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ ঘোষণা করা হয়। ফলে নির্ধারিত সময়ের ১৭ দিন আগেই ছুটি শুরু হয়ে যায়।

পরে সংশোধিত ছুটির তালিকা অনুযায়ী ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা, কলেজ এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি রাখা হয়।

এদিকে, প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের শিখন ঘাটতি কমাতে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, ঈদের ছুটির পর প্রথম ১০টি শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। তবে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে শনিবারের ছুটি বাতিলের বিষয়ে এখনো কোনো নির্দেশনা দেওয়া হয়নি।

দীর্ঘ ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলাকে কেন্দ্র করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ কিছু জরুরি নির্দেশনা দিয়েছে। গত ২৫ মার্চ সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ হেলাল চৌধুরীর সই করা এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জানানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, ঈদুল ফিতরের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগে অবশ্যই পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। প্রতিদিন প্রতিষ্ঠান পরিচ্ছন্ন রাখতে নিয়মিত তদারকি জোরদার করতে হবে। পাশাপাশি প্রতি সপ্তাহে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার কথাও বলা হয়েছে।

এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ এবং বাগান পরিচর্যা নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে উদ্বুদ্ধ করতে বিভিন্ন কার্যক্রম গ্রহণের নির্দেশও দেওয়া হয়েছে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.