আসন্ন পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি শুরু হচ্ছে। সরকারি শিক্ষাপঞ্জি অনুযায়ী আগামী ২৪ মে থেকে আনুষ্ঠানিকভাবে এই ছুটি কার্যকর হবে। তবে সাপ্তাহিক ছুটি মিলিয়ে অধিকাংশ শিক্ষার্থী ২২ মে থেকেই টানা অবকাশের সুযোগ পাবে।
শিক্ষাপঞ্জি অনুসারে, সরকারি-বেসরকারি প্রাথমিক, মাধ্যমিক, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এবং মাদ্রাসাগুলোতে ২৪ মে থেকে ছুটি শুরু হবে। যেহেতু ২২ ও ২৩ মে যথাক্রমে শুক্র ও শনিবার, তাই ২১ মে বৃহস্পতিবারই হবে অনেক প্রতিষ্ঠানের শেষ কর্মদিবস।
প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি চলবে ৪ জুন পর্যন্ত। ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি শেষে ৭ জুন রবিবার থেকে পুনরায় ক্লাস শুরু হবে। এতে শিক্ষার্থীরা টানা ১৬ দিনের ছুটি পাচ্ছে। অন্যদিকে, মাদ্রাসার ক্ষেত্রে ছুটির মেয়াদ আরও দীর্ঘ। মাদ্রাসাগুলোতে ১১ জুন পর্যন্ত ছুটি নির্ধারিত থাকায় সাপ্তাহিক ছুটিসহ শিক্ষার্থীরা প্রায় ২১ থেকে ২৩ দিনের অবকাশ যাপনের সুযোগ পাচ্ছে।
জুন মাসে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর জুলাই ও আগস্টেও বেশ কিছু সরকারি ছুটি রয়েছে। এর মধ্যে ২৯ জুলাই আষাঢ়ী পূর্ণিমা এবং ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এছাড়া আগস্টে আখেরি চাহার সোম্বা ও ঈদে মিলাদুন্নবী (সা.) এবং সেপ্টেম্বরে জন্মাষ্টমী ও ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষেও ছুটি নির্ধারিত রয়েছে।
প্রতি বছরই ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশকে কেন্দ্র করে শিক্ষার্থীদের পারিবারিক সময় কাটানো ও বিশ্রামের সুযোগ দিতে শিক্ষাপঞ্জিতে এই দীর্ঘ ছুটির ব্যবস্থা রাখা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









