গানের জগতে ২৫ বছরের দীর্ঘ পথচলা পূর্ণ করেছে দেশের জনপ্রিয় রক ব্যান্ড নেমেসিস। এই মাইলফলক উদযাপন করতে বিশেষ কনসার্টের আয়োজন করেছে ব্যান্ডটি।
‘এত দিনের পরেও যে’ শিরোনামের কনসার্টটি হবে শুক্রবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে। এই একক কনসার্টে থাকছে নস্টালজিয়া, পুরনো গান এবং স্মৃতির ঝাঁপি। মাত্র ৫০ জন দর্শক নিয়ে অনুষ্ঠিত হচ্ছে কনসার্টটি।
নেমেসিস ব্যান্ডের ব্যবস্থাপক রাজু আহমেদ জানিয়েছেন, কনসার্টে বর্তমান সদস্যদের পাশাপাশি ব্যান্ডটির সাবেক সদস্য ও অতিথিশিল্পীরাও অংশ নেবেন।
কনসার্টে নেমেসিস তাদের ২৫ বছরের সংগীতযাত্রার নানা অধ্যায় গানে গানে তুলে ধরবে। পরিবেশনার ফাঁকে ফাঁকে গানগুলোর পেছনের গল্প ও দীর্ঘ সংগীত সফরের অভিজ্ঞতাও দর্শকদের সঙ্গে ভাগ করে নেবেন তারা।
উল্লেখ্য, ১৯৯৯ সালে কয়েকজন তরুণ সংগীতপ্রেমীর হাত ধরে শুরু হয় এই ব্যান্ডের যাত্রা, যা পরবর্তীতে ২০০০ সালে আনুষ্ঠানিকভাবে নেমেসিস নামে পরিচিতি পায়। ২০০৫ সালে তাদের প্রথম অ্যালবাম ‘অন্বেষণ’ প্রকাশের মাধ্যমে ব্যান্ডটি ব্যাপক পরিচিতি লাভ করে।
পরবর্তীতে ‘তৃতীয় যাত্রা’, ‘গণজোয়ার’ ও ‘ভিআইপি’সহ একাধিক জনপ্রিয় অ্যালবামের মাধ্যমে শ্রোতাদের মধ্যে শক্ত অবস্থান তৈরি করে ব্যান্ড দলটি।
বর্তমানে নেমেসিসের সদস্য পাঁচ জন। ভোকাল ও গিটারে জোহাদ রেজা চৌধুরী, গিটারে আরও আছেন রাফসান ও ইফাজ, বেইজ গিটার বাজান রাতুল ও ড্রামসে জেফ্রি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









