ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে জনপ্রিয় থ্রিলার ফ্র্যাঞ্চাইজি দৃশ্যম ৩। মালয়ালম মুক্তির প্রথম দিনেই সিনেমাটি বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। বৃহস্পতিবার মোহনলালের জন্মদিনে মুক্তি পাওয়া ছবিটি বিশ্বজুড়ে প্রায় ৪৩ কোটি রুপির ব্যবসা করে মালয়ালম সিনেমার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিংয়ের রেকর্ড গড়েছে।
২০১৩ সালে পরিচালক জিতু জোসেফ নির্মিত প্রথম ‘দৃশ্যম’ মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। সাধারণ এক কেবল অপারেটর জর্জকুট্টির বুদ্ধিমত্তা দিয়ে পরিবারের সুরক্ষার গল্প দর্শকদের এতটাই নাড়া দিয়েছিল যে পরবর্তী সময়ে এর একাধিক ভাষায় রিমেক তৈরি হয়। হিন্দি, তামিল, তেলেগু থেকে শুরু করে বিভিন্ন আন্তর্জাতিক সংস্করণেও এই গল্প সমান জনপ্রিয়তা পায়।
এই ধারাবাহিকতায় মুক্তি পাওয়া দৃশ্যম ২ ও দর্শক ও সমালোচকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পায়, যদিও এটি মূলত ওটিটিতে মুক্তি পেয়েছিল। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার প্রেক্ষাগৃহে এসেছে তৃতীয় কিস্তি, যা ঘিরে আগে থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছিল।
মুক্তির পর থেকেই কেরালাসহ বিশ্বের বিভিন্ন প্রেক্ষাগৃহে দর্শকদের ভিড় দেখা গেছে। মিশ্র প্রতিক্রিয়া পেলেও ছবিটি আবারও প্রমাণ করেছে, জর্জকুট্টি চরিত্রের জনপ্রিয়তা এখনো অটুট।
ট্র্যাকিং সংস্থা স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ভারতে প্রথম দিনে ছবিটির আয় হয়েছে প্রায় ১৮ দশমিক ৩৭ কোটি রুপি গ্রস। বিদেশি বাজার থেকে এসেছে আরো প্রায় ২৫ কোটি রুপি।
সব মিলিয়ে প্রথম দিনের বৈশ্বিক আয় দাঁড়িয়েছে ৪৩ দশমিক ৩৭ কোটি রুপিতে।
এর মাধ্যমে মালয়ালম সিনেমার দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিংয়ের রেকর্ড গড়েছে ‘দৃশ্যম ৩’। শীর্ষ অবস্থানে রয়েছে ‘এল২: এমপুরান’, যেখানে অভিনয় করেছিলেন মোহনলালই। ফলে মালয়ালম সিনেমার সবচেয়ে বড় দুই ওপেনিং এখন এই অভিনেতার দখলে।
ছবিটি নিয়ে দর্শক ও সমালোচকদের প্রতিক্রিয়া পুরোপুরি একমুখী নয়। অনেকের মতে, প্রথম দুই কিস্তির তুলনায় এবার রহস্যের গভীরতা কিছুটা কম। আবার কেউ কেউ মনে করছেন, অতিরিক্ত প্রত্যাশার চাপেই ছবিটি আগের মতো বিস্ময় তৈরি করতে পারেনি।
সব মিলিয়ে প্রথম দিনেই দারুণ সাফল্য নিয়ে ‘দৃশ্যম ৩’ শুধু বক্স অফিসেই নয়, দর্শকের মনেও শক্ত অবস্থান তৈরি করেছে। এখন অপেক্ষা, এই সাফল্য কতদিন ধরে রাখতে পারে এবং জর্জকুট্টির গল্প আর কত দূর এগোয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









