পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দীর্ঘ বিরতির পর প্রকাশ পেয়েছে চিত্রনায়িকা ও সংগীতশিল্পী নুসরাত ফারিয়ার নতুন ফোক-পপ ঘরানার গান ‘লোকে বলে’।
এই গানে প্রথমবারের মতো সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদিরের সুর ও সংগীতে কণ্ঠ দিলেন নুসরাত ফারিয়া।
নতুন ও পুরোনো সংগীতধারার মিশেলে তৈরি এই গানের কথা লিখেছেন তাহজিব এম বন্ধন। গানের মিক্স ও মাস্টার করেছেন অভিষেক ঘটক। সম্প্রতি ‘নাইন অ্যান্ড হাফ’ নামে শুটিং সেটে গানের দৃশ্যধারণ করা হয়েছে। গানের কোরিওগ্রাফির পাশাপাশি মিউজিক ভিডিও পরিচালনা করেছেন ভারতীয় নির্মাতা বাবা যাদব।
নুসরাত ফারিয়া এই গানে হাজির হয়েছেন গ্ল্যামারাস ও স্টাইলিশ লুকে। পুরো ভিডিওজুড়ে তাকে দেখা গেছে একাধিক আকর্ষণীয় সাজে। কখনো রেড কার্পেট ধাঁচের ওয়ান-শোল্ডার পোশাকে, আবার কখনো উৎসবের আবহে লেহেঙ্গা পরে নাচের পরিবেশনায় মুগ্ধতা ছড়িয়েছেন তিনি।
গানটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নুসরাত ফারিয়া লিখেছেন, ‘ঈদ মোবারক’।
উল্লেখ্য, ২০১৮ সালে ‘পটাকা’ গানের মাধ্যমে সংগীতজগতে যাত্রা শুরু করেন নুসরাত ফারিয়া। এরপর ‘আমি চাই থাকতে’, ‘হাবিবি’ ও ‘বুঝি না তো তাই’-এর মতো জনপ্রিয় ডান্স ট্র্যাক তার কণ্ঠে প্রকাশ পায়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









