বলিউড জনপ্রিয় অভিনেতা সালমান খানের আলোচিত ‘কৃষ্ণসার হরিণ হত্যা’ ঘটনাকে কেন্দ্র করে নির্মিত সিনেমা ‘কালা হিরাণ: দ্য ব্যাটল ফর লিগ্যাসি’ মুক্তির আগেই আইনি জটিলতায় পড়েছে।
সিনেমাটি নির্মাণের জেরে পরিচালক ও প্রযোজকের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন সালমান খানের আইনজীবী। নোটিশে ছবিটির মুক্তি আপাতত স্থগিত রাখার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে থাকা সব ধরনের প্রচারণামূলক কনটেন্ট সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি এই সিনেমার পোস্টার প্রকাশ করা হয়েছিল।
বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সালমান খানের আইনজীবীর পাঠানো এই নোটিশটি মূলত ছবির কাস্টিং ডিরেক্টর অক্ষয় পাণ্ডেকে উদ্দেশ্য করে পাঠানো হয়। তাতে দাবি করা হয়, সালমান খান তার নাম, ব্যক্তিত্ব বা তার জীবনসংশ্লিষ্ট কোনো ঘটনা সিনেমাটিতে ব্যবহারের অনুমতি বা সম্মতি দেননি। নির্মাতারা অভিনেতার খ্যাতি ও সুনাম ব্যবহার করে বাণিজ্যিক সুবিধা নেওয়ার চেষ্টা করছেন।
একই সঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে নিঃশর্ত লিখিত ক্ষমাপ্রার্থনা না করলে নির্মাতাদের বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি মামলা দায়েরের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
তবে এই নোটিশের জবাবে সিনেমার প্রযোজক অমিত জানি সামাজিক মাধ্যমে লিখেছেন, সালমানের এই নোটিশের উদ্দেশ্য মানুষকে ভয় দেখানো। কিন্তু তিনি এতে দমে যাবেন না।
এই বিষয়ে সালমান খান বা তার আইনজীবীদের পক্ষ থেকে এখন পর্যন্ত নতুন কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
প্রসঙ্গত, দুই দশক আগে রাজস্থানের কোঙ্কানি গ্রামে ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শুটিং চলাকালে কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ ওঠে সালমান খানের বিরুদ্ধে। ২০১৮ সালে এই মামলায় নিম্ন আদালতে দোষী সাব্যস্ত হয়ে দুদিন জেলেও থাকতে হয়েছিল এই অভিনেতাকে। পরে জামিনে মুক্তি পেলেও মামলাটি এখনো রাজস্থান হাইকোর্টে বিচারাধীন রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









