প্যানভেলের ফার্মহাউস নিয়ে দীর্ঘদিনের আইনি বিরোধে স্বস্তি পেয়েছেন বলিউড তারকা সালমান খান। তার দায়ের করা মানহানি মামলায় বম্বে হাইকোর্ট গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে।
সম্প্রতি আদালতের একক বেঞ্চ সালমান খানের প্রতিবেশী কেতন কক্কড়কে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেতাকে নিয়ে করা সব বিতর্কিত পোস্ট ও ভিডিও দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়।
বিচারপতি শর্মিলা দেশমুখের বেঞ্চ শুনানিকালে মন্তব্য করেন, ব্যক্তিগত বা সম্পত্তি-সংক্রান্ত বিরোধের সমাধান সামাজিক মাধ্যমে নয়, বরং আইনি প্রক্রিয়ার মাধ্যমেই হওয়া উচিত। আদালত আরও জানায়, বিষয়টি যখন বিচারাধীন, তখন সামাজিক মাধ্যমে এ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি করা অযৌক্তিক।
পাশাপাশি আদালত স্পষ্ট করে দেয়, সোশ্যাল মিডিয়া ব্যক্তিগত ক্ষোভ প্রকাশের জায়গা নয়; আইনি লড়াই আদালতেই হওয়া উচিত।
উল্লেখ্য, মহারাষ্ট্রের রায়গড় জেলার প্যানভেলে অবস্থিত সালমান খানের ‘অর্পিতা ফার্মস’-এর পাশেই রয়েছে কেতন কক্কড়ের জমি। কক্কড় অভিযোগ করেন, ফার্মহাউস নির্মাণের সময় নিয়ম লঙ্ঘন করা হয়েছে এবং তার জমিতে যাতায়াতের পথ বন্ধ করে দেওয়া হয়েছে।
এছাড়া তিনি দাবি করেন, প্রশাসনিকভাবে তাকে হুমকি দেওয়া হয়েছে, তার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং তার সম্পত্তির কিছু অংশ ভেঙে ফেলা হয়েছে। এমনকি নথিতে কারচুপির মাধ্যমে তার জমি দখলের অভিযোগও তোলেন তিনি।
তবে এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে সালমান খানের পক্ষ। তার আইনজীবীরা আদালতে জানান, সংশ্লিষ্ট জমির মূল লেনদেনই ছিল অবৈধ, যা পরবর্তীতে বাতিল করা হয়। ফলে জোরপূর্বক দখলের অভিযোগের কোনো ভিত্তি নেই বলেও দাবি করেন তারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









