দর্শকদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ফিরছে ‘সুড়ঙ্গ মাসুদ’। ২০২৩ সালের আলোচিত সিনেমা ‘সুড়ঙ্গ’-এর সিক্যুয়েল ‘সুড়ঙ্গ ২’-এর টিজার প্রকাশ করে বড় চমক দিলেন নির্মাতা রায়হান রাফী।
শুক্রবার বিকেলে প্রকাশিত প্রায় দেড় মিনিটের টিজারে আফরান নিশোকে আবারও দেখা গেছে মাসুদ চরিত্রে—তবে এবার আরও ভয়ংকর ও অ্যাকশনঘন রূপে। অন্ধকার সুড়ঙ্গ থেকে বেরিয়ে তার সংলাপ—“এই দুনিয়ায় ভালো মানুষের কোনো দাম নেই”—ইঙ্গিত দেয় গল্পের ভিন্ন মোড়ের।
টিজারে ধ্বংসস্তূপ, লড়াই এবং শত্রুদের সঙ্গে সংঘর্ষের দৃশ্য দর্শকদের উত্তেজনা বাড়িয়েছে। পাশাপাশি নিশোর হাতে ‘ময়না’ নামের একটি ট্যাটুও নজর কেড়েছে, যা আগের গল্পের আবেগকে নতুনভাবে সামনে আনে। এক পর্যায়ে ‘মিখাইল’ নামের এক খলনায়ককে উদ্দেশ্য করে মাসুদকে চ্যালেঞ্জ ছুড়ে দিতেও দেখা যায়।
নির্মাতা রায়হান রাফী জানিয়েছেন, আগামী ডিসেম্বরেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘সুড়ঙ্গ ২’। এই সিনেমার মাধ্যমে তার ‘ফিল্ম ইউনিভার্স’-এরও বড় পরিসরে যাত্রা শুরু হতে যাচ্ছে।
টিজার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা গেছে। ‘মাসুদ ইজ ব্যাক’, ‘খেলা জমে গেছে’—এমন মন্তব্যে ভরে গেছে পোস্টের কমেন্ট সেকশন।
উল্লেখ্য, চরকি ও আলফা আইয়ের প্রযোজনায় নির্মিত ‘সুড়ঙ্গ’ সিনেমার মাধ্যমেই বড় পর্দায় অভিষেক হয় আফরান নিশোর। প্রথম সিনেমাতেই তিনি দর্শকদের মন জয় করেন। এতে তার বিপরীতে অভিনয় করেন তমা মির্জা। এছাড়া শহীদুজ্জামান সেলিম, মোস্তফা মনওয়ারসহ আরও অনেকে অভিনয় করেছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









