দেশীয় চলচ্চিত্রপ্রেমীদের জন্য বিশেষ আয়োজন নিয়ে হাজির হচ্ছে স্টার সিনেপ্লেক্স। ‘সামার বাংলা হিট ফেস্ট’ শিরোনামে এই চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে সাম্প্রতিক সময়ের জনপ্রিয় চারটি বাংলা সিনেমা।
উৎসবে জায়গা পেয়েছে ‘বরবাদ’, ‘তান্ডব’, ‘উৎসব’ এবং ‘বনলতা এক্সপ্রেস’। আগামী ১৯ জুন থেকে ২৫ জুন পর্যন্ত সপ্তাহজুড়ে স্টার সিনেপ্লেক্সের সব শাখায় চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে।
মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ সিনেমায় শাকিব খান ও ইধিকা পালকে কেন্দ্রীয় চরিত্রে দেখা গেছে। অ্যাকশনধর্মী এই সিনেমাটি দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। অন্যদিকে রায়হান রাফি নির্মিত ‘তান্ডব’ সিনেমায় শাকিব খান, জয়া আহসান, আফরান নিশো, সাবিলা নূর ও সিয়াম আহমেদসহ একঝাঁক তারকা অভিনয় করেছেন। মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ও প্রতিশোধের গল্পে নির্মিত এই চলচ্চিত্রটিও দর্শকপ্রিয়তা পেয়েছে।
তানিম নূর পরিচালিত ‘উৎসব’ সিনেমায় জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, অপি করিম, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালামসহ আরও অনেক তারকার উপস্থিতি রয়েছে। নব্বই দশকের আবহে নির্মিত এই সিনেমাটি পারিবারিক বিনোদনের জন্য উপযোগী বলে মনে করছেন দর্শকরা।
অন্যদিকে হুমায়ুন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, শরীফুল রাজ, মম, বাঁধন ও সাবিলা নূর অভিনয় করেছেন। সাম্প্রতিক সময়ের সফল চলচ্চিত্রগুলোর মধ্যে এটি অন্যতম।
স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি, সীমান্ত সম্ভার ও এসকেএস টাওয়ারসহ দেশের সব শাখায় দর্শকরা এই চলচ্চিত্রগুলো উপভোগ করতে পারবেন। অগ্রিম টিকিট পাওয়া যাবে সিনেপ্লেক্সের কাউন্টার ও অফিসিয়াল ওয়েবসাইটে।
আয়োজকরা জানান, বাংলা চলচ্চিত্রের প্রতি দর্শকদের বাড়তে থাকা আগ্রহকে সামনে রেখেই এই উৎসবের আয়োজন করা হয়েছে।
স্টার সিনেপ্লেক্সের মিডিয়া প্রধান মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, দেশের সিনেমার প্রতি দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছে। সাম্প্রতিক সময়ে বেশ কিছু বাংলা চলচ্চিত্র সাফল্য পেয়েছে এবং পরিবার নিয়ে হলে গিয়ে সিনেমা দেখার প্রবণতাও বেড়েছে। এই ইতিবাচক ধারাবাহিকতাকে এগিয়ে নিতেই এমন আয়োজন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









