পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী ইউনিয়নের পশ্চিম ছোট মাছুয়া গ্রামে এক ১৪ বছরের কিশোরী ৪ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। এ ঘটনায় পরিবারটিতে নেমে এসেছে চরম দুশ্চিন্তা।
ভুক্তভোগীর দিনমজুর বাবা জানান, প্রতিবেশী শাহিন হাওলাদার তার মেয়েকে ফুসলিয়ে শারীরিক সম্পর্ক তৈরি করেন। মেয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়লেও আমরা আইনি প্রক্রিয়া ভালো বুঝি না। সাহায্য পেতে স্থানীয় সমাজসেবক সগীর মেম্বারের কাছে গেলেও কোনো লাভ হয়নি।
এ বিষয়ে সগীর মেম্বার বলেন, “পরিবারটি আমার কাছে এসেছিল। কিন্তু এই ধরনের অপরাধ আমরা সমাধান করতে পারি না। তাই তাদের থানায় আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছি।”
স্থানীয়দের অভিযোগ, দরিদ্র পরিবারের সুযোগ নিয়ে কিশোরীকে লোভ-লালসা দেখিয়ে এই কাজ করা হয়েছে।
মঠবাড়িয়া থানার ওসি মো. রবিউল ইসলাম জানান, “ঘটনাটির বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
অসহায় পরিবারটি এখন মেয়েটির ভবিষ্যতের কথা ভেবে ন্যায়বিচারের আকুতি জানাচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









