রোমান্টিক কমেডি ড্রামা ঘরানার ‘ককটেল টু’ সিনেমা পরিচালনা করেছেন হোমি আদাজানিয়া। শহিদ কাপুর, রাশমিকা মান্দানা ও কৃতি স্যানন অভিনীত সিনেমাটি ৩ হাজার ২০০ পর্দায় গত ১৯ জুন প্রাপ্তবয়স্কদের সনদ নিয়ে মুক্তি পেয়েছে।
‘ককটেল টু’ মুক্তির আগেই বক্স অফিসে ইতিবাচক আবহ দেখা যায়, অগ্রিম টিকিট বিক্রিতেও দারুণ সাড়া ফেলে। মুক্তির পর দর্শক-সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। ‘ককটেল’ সিনেমার সিক্যুয়েল নির্মাণের ঘোষণার পরই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছিল।
ইন্ডিয়ান এক্সপ্রেসের চলচ্চিত্র বিশ্লেষক শুভ্র গুপ্তা, এনডিটিভির শৈবাল চ্যাটার্জি, হিন্দুস্তান টাইমসের ঋষভ সুরি, নিউজ১৮-এর তিতাস চৌধুরী, ইন্ডিয়া টুডের সানা ফারজিন পাঁচে রেটিং দিয়েছেন আড়াই।
আসুন জেনে নেওয়া যাক ৬ দিনে কত আয় করল সিনেমাটি—
ট্রেড ওয়েবসাইট সাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির ৬ দিনে ‘ককটেল টু’ সিনেমা ভারতে আয় করেছে ৭৯.০৬ কোটি রুপি (গ্রস)। বিশ্বব্যাপী আয় করেছে ১০৩.০৬ কোটি রুপি (গ্রস)। বাংলাদেশি মুদ্রায় ১৩৩ কোটি ৮৬ লাখ টাকার বেশি।
বলি মুভি রিভিউজের তথ্য অনুসারে, মুক্তির প্রথম দিনে ‘ককটেল টু’ ভারতে আয় করেছে ১২.৫ কোটি রুপি (নিট), দ্বিতীয় দিনে আয় করেছে ১৬ কোটি রুপি (নিট), তৃতীয় দিনে আয় করেছে ১৬.৫ কোটি রুপি (নিট), চতুর্থ দিনে আয় করেছে ৬ কোটি রুপি (নিট), পঞ্চম দিনে আয় করেছে ৫.২৫ কোটি রুপি (নিট), ৬ষ্ঠ দিনে আয় করেছে ৪.৫ কোটি রুপি (নিট)। ৬ দিনে বিশ্বব্যাপী সিনেমাটি মোট আয় করেছে ৯০.২৭ কোটি রুপি (গ্রস)। বাংলাদেশি মুদ্রায় ১১৭ কোটি ২৫ লাখ টাকা।
‘ককটেল টু’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন শহিদ কাপুর, কৃতি স্যানন ও রাশমিকা মন্দানা। ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘ককটেল’-এর পরিচালকও ছিলেন হোমি আদাজানিয়া। সেই সিনেমায় অভিনয় করেছিলেন দীপিকা পাড়ুকোন, সাইফ আলী খান ও ডায়ানা পেন্টি। ‘ককটেল টু’ ম্যাডক ফিল্মসের ব্যানারে প্রযোজনা করেছেন দীনেশ বিজন। ‘ককটেল টু’ সিনেমার সংগীত পরিচালনা করেন প্রীতম। তার সুরের গানগুলো এরই মধ্যে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে।
জানা যায়, ‘ককটেল টু’ সিনেমা ১৫০ কোটি রুপির বাজেটে তৈরি হয়েছে। এর মধ্যে ৩৫ কোটি রুপি প্রধান অভিনেতা-অভিনেত্রীদের পারিশ্রমিকের জন্য বরাদ্দ রাখা হয়েছিল। প্রিন্ট ও বিজ্ঞাপন প্রচারে ব্যয় হয় প্রায় ২০ কোটি রুপি। বাকি ৯৫ কোটি রুপি সিনেমাটির প্রোডাকশন ও পার্শ্ব অভিনেতা-অভিনেত্রীদের পারিশ্রমিক বাবদ ব্যয় হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









