বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে ‘সির সির’ গান দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় আসা বাংলাদেশি-আমেরিকান ডিজে, গায়ক ও সংগীত পরিচালক সঞ্জয় দেব এবার আবারও জুটি বাঁধছেন বলিউড তারকা নোরা ফাতেহির সঙ্গে। তাদের নতুন গান ‘চ্যাম্পিয়ন’ প্রকাশিত হবে আগামী ২৯ জুন।
ডালাস থেকে গণমাধ্যমকে সঞ্জয় দেব জানান, ‘চ্যাম্পিয়ন’ কেবল খেলাধুলাকে কেন্দ্র করে তৈরি কোনো গান নয়। এটি বিজয়, আত্মবিশ্বাস এবং জীবনের প্রতিটি অর্জনকে উদযাপনের একটি অনুপ্রেরণামূলক গান।
সঞ্জয় বলেন, “এটি শুধু কোনো খেলার জয়ের গান নয়। জীবনের যেকোনো সংগ্রাম শেষে অর্জিত সাফল্য উদযাপনের বার্তা এতে তুলে ধরা হয়েছে। আমরা চাই, গানটি মানুষের মধ্যে ইতিবাচক শক্তি জাগিয়ে তুলুক এবং সবাইকে বিজয়ীর অনুভূতি দিক।”
গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর কথা, সুর ও সংগীত পরিচালনার দায়িত্বও পালন করেছেন সঞ্জয় দেব। তিনি জানান, প্রায় দুই মাস ধরে ‘চ্যাম্পিয়ন’ তৈরির কাজ চলে। বিশ্বকাপের আবহকে সামনে রেখেই গানটি প্রকাশের পরিকল্পনা করেন তিনি ও নোরা ফাতেহি।
গানটির মিউজিক ভিডিওর শুটিং হয়েছে পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ার জানজিবারে। মাত্র দুই দিনের সফরে গিয়ে এক দিনেই ভিডিওটির পুরো শুটিং শেষ করেন সঞ্জয় ও নোরা। সঞ্জয়ের ভাষ্য, জানজিবারের সমুদ্রসৈকত ও মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য ভিডিওটিকে আলাদা মাত্রা দিয়েছে।
গানটি প্রকাশের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে এর প্রচারণা। সম্প্রতি নোরা ফাতেহি নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, “বন্ধুরা, তোমরা সবাই ‘চ্যাম্পিয়ন’-এর জন্য প্রস্তুত তো?” এরপর থেকেই গানটি নিয়ে ভক্তদের আগ্রহ আরও বেড়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









