ওটিটিতে নতুন করে ফিরলেন জিয়াউল ফারুক অপূর্ব। বৃহস্পতিবার (২৫ জুন) হইচই প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে তার নতুন সিরিজ‘হেডলাইন’। সিরিজটিতে তার সঙ্গে অভিনয় করেছেন ইয়াশ রোহানসহ আরও অনেকে।
অপূর্ব ও ইয়াশের পাশাপাশি সিরিজে রয়েছেন আফসান আরা বিন্দু, শ্যামল মাওলা, সারিকা সাবরিন ও ফারহানা হামিদসহ একাধিক জনপ্রিয় অভিনয়শিল্পী।
তবে মুক্তির আগে যাকে নিয়ে রাখা হয়েছিল সর্বোচ্চ গোপনীয়তা, সেই চমকও এবার সামনে এসেছে। ‘হেডলাইন’-এ বিশেষ চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।
শনিবার (২৭ জুন) দুপুরে অপূর্ব ও ইয়াশের সঙ্গে তার কিছু ছবি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করে হইচই। পোস্টের ক্যাপশনে লেখা হয়, “ক্ষমতা, প্রভাব আর অজানা সমীকরণের মাঝে, এবার পরিচয় হোক জুনায়েদ জামশেদের সাথে।”
সিরিজে চঞ্চল চৌধুরী অভিনয় করেছেন ‘জুনায়েদ জামশেদ’ চরিত্রে, যিনি ক্ষমতা ও প্রভাবের গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা এক প্রভাবশালী চরিত্র।
চঞ্চলকে আড়ালে রাখার বিষয়ে হইচই জানায়, সিরিজে আরও কিছু চমক রয়েছে, যা দর্শক দেখার সময়ই জানতে পারবেন। সারপ্রাইজ রাখার উদ্দেশ্যেই চঞ্চলসহ কয়েকজন গুরুত্বপূর্ণ চরিত্রের পরিচয় আগে প্রকাশ করা হয়নি।
সালেহ সোবহান অনীম পরিচালিত ৮ পর্বের এই সিরিজে উঠে এসেছে সাংবাদিকতার জগৎ, সত্য অনুসন্ধানের লড়াই, পারিবারিক সম্পর্ক, ব্যক্তিগত সংকট এবং মানবিক টানাপোড়েনের গল্প।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









