‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ তারকাখচিত এই ছবি নিয়ে আলোচনা তুঙ্গে। ছবিটি তৈরিতে কত টাকায় লেগেছে, কোন তারকার পারিশ্রমিক কত, এমন নানা প্রশ্ন উঠে আসছে। ছবির পরিচালক আহমেদ খান সম্প্রতি শুটিংয়ের নেপথ্যের একাধিক তথ্য প্রকাশ করেছেন।
পরিচালক আহমেদ খান জানিয়েছেন, ছবিতে মোট ৩৪ জন অভিনেতা কাজ করেছেন। ৩৪ জনের মধ্যে প্রায় ৩০ জনই জনপ্রিয় মুখ। এত বড় তারকাখচিত ছবিকে একসঙ্গে সামলানোই ছিল অন্যতম কাজ।
শুধু অভিনেতারাই নন, প্রতিদিন শুটিং সেটে থাকত প্রায় ৫০টি ভ্যানিটি ভ্যান। এছাড়াও, অভিনেতা ও কলাকুশলীদের সকলের যাতায়াতের জন্য প্রতিদিন সেটে আসত প্রায় ২০০ থেকে ২৫০টি গাড়ি। বিপুল খরচ ও দায়িত্ব — সবদিকই খেয়াল রাখতে হত বলে জানান পরিচালক।
সব মিলিয়ে শুটিংয়ের দিনগুলিতে উপস্থিত থাকতেন প্রায় ৭০০ থেকে ৯০০ জন। এর মধ্যে ছিলেন মূল কলাকুশলীরা, স্টান্ট টিমের কুশলীরা, জুনিয়র আর্টিস্ট, নৃত্যশিল্পী এবং অন্য কর্মীরা। এই বিপুল আয়োজন সামলাতে তিনি নিজের অফিসে সব অভিনেতার ছবি দিয়ে একটি বড় বোর্ড লাগিয়ে রেখেছিলেন। কোন দিনে কোন শিল্পীর শুটিং, কার সময়সূচি কী, সবকিছু নজরে রাখতেই এই বিশেষ ব্যবস্থা করেছিলেন পরিচালক
ছবিতে অক্ষয় কুমারের পারিশ্রমিক নিয়েও জোর আলোচনা চলছে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছিল, এই ছবির জন্য তিনি নাকি ১.৮ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। তবে ঝলক প্রকাশের অনুষ্ঠানে সেই দাবি উড়িয়ে দিয়েছিলেন অভিনেতা। অভিনেতা আরও জানান, এই ছবি তার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ।
অন্য অভিনেতাদের পারিশ্রমিক নিয়েও প্রশ্ন উঠেছে। সুনীল শেট্টী নাকি এই ছবির জন্য ৪ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন, যেখানে ৯০-এর দশকের আর এক তারকা রবীনা টন্ডন নাকি নিয়েছেন ২ কোটি টাকা। জ্যাকলিন ফার্নান্ডেজ ও দিশা পাটানী ২.৫ কোটি টাকা করে পারিশ্রমিক পেয়েছেন। ছবিতে রয়েছেন লারা দত্তও, তিনি পেয়েছেন ২ কোটি টাকা।
গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অরশদ ওয়ারসী ও পরেশ রাওয়ল। দু’জনেই ২ কোটি টাকা করে পেয়েছেন বলে শোনা যাচ্ছে।
এছাড়াও এই ছবিতে রয়েছেন রাজপাল যাদব, জনি লিভার, তুষার কপূর, শ্রেয়স তলপড়ে, আফতাব শিবদাসানি, পুনীত ইস্সর, কৃষ্ণ অভিষেকসহ আরও অনেকে।
ছবিটি মোট ২৫০ থেকে ৩০০ কোটি টাকায় তৈরি হয়েছে, এমন খবর ছড়িয়েছে। ছবি মুক্তির পরে প্রথম সপ্তাহান্তে বক্সঅফিসে এই ছবি সারা বিশ্বে ৫৯ কোটি টাকার ব্যবসা করেছে।
সূত্র: আনন্দবাজার


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









