মুক্তির মাত্র চার দিনের মধ্যেই বিশ্বব্যাপী ১০০ কোটি রুপির মাইলফলক স্পর্শ করেছে অক্ষয় কুমার অভিনীত বলিউডের বহুল আলোচিত কমেডি সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। সপ্তাহান্তের শক্তিশালী আয়ের সুবাদে সিনেমাটি বক্স অফিসে দুর্দান্ত সূচনা করেছে। প্রথম কর্মদিবসে আয় কিছুটা কমলেও ১০০ কোটির ক্লাবে জায়গা করে নিয়েছে ছবিটি।
বক্স অফিস ট্র্যাকার স্যাকনিল্কের সর্বশেষ তথ্য অনুযায়ী, চার দিন শেষে সিনেমাটির বিশ্বব্যাপী মোট গ্রস আয় দাঁড়িয়েছে ১০৬ কোটি ৪৮ লাখ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩৮ কোটি ৫৭ লাখ টাকা।
এর মধ্যে ভারতের বাজার থেকে গ্রস আয় হয়েছে ৮৬ কোটি ৫৩ লাখ রুপি। দেশটির অভ্যন্তরীণ বাজারে সিনেমাটির নেট কালেকশন ৭২ কোটি ২৫ লাখ রুপি। অন্যদিকে বিদেশের বাজার থেকে এসেছে আরও ১৯ কোটি ৯৫ লাখ রুপি।
মুক্তির চতুর্থ দিন, অর্থাৎ প্রথম সোমবার ভারতের ১০ হাজার ৯২২টি শো থেকে সিনেমাটি ৮ কোটি ৫০ লাখ রুপি নেট আয় করে। একই দিনে আন্তর্জাতিক বাজার থেকে যোগ হয় আরও প্রায় ৩ কোটি রুপি। এর মাধ্যমে বিশ্বব্যাপী ১০০ কোটির মাইলফলক অতিক্রম করে ছবিটি।
এর আগে গত বৃহস্পতিবার পেইড প্রিভিউ থেকে ৩ কোটি ৭৫ লাখ রুপি আয় করে যাত্রা শুরু করে সিনেমাটি। মুক্তির প্রথম দিন শুক্রবার আয় করে ১৫ কোটি ২৫ লাখ রুপি। শনিবার আয় বেড়ে দাঁড়ায় ২০ কোটি রুপিতে। আর রবিবার, যা ছিল সপ্তাহের সর্বোচ্চ আয় করা দিন, সংগ্রহ করে ২৪ কোটি ৭৫ লাখ রুপি।
সোমবার স্বাভাবিকভাবেই আয় কিছুটা কমলেও বিশ্লেষকদের মতে, কর্মদিবসে ৮ কোটি ৫০ লাখ রুপি আয় সিনেমাটির দীর্ঘমেয়াদি সাফল্যের ইতিবাচক ইঙ্গিত বহন করছে। বিশেষ করে পারিবারিক দর্শক এবং ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির ভক্তদের আগ্রহ ছবিটির ব্যবসা ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
উল্লেখ্য, ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ হলো ২০০৭ সালের সুপারহিট ‘ওয়েলকাম’ এবং ২০১৫ সালের ‘ওয়েলকাম ব্যাক’-এর পর জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি। আহমেদ খান পরিচালিত ছবিটিতে অক্ষয় কুমারের পাশাপাশি অভিনয় করেছেন সুনীল শেঠি, পরেশ রাওয়াল, দিশা পাটানি, জ্যাকলিন ফার্নান্দেজ, রাভিনা ট্যান্ডন, লারা দত্ত, আরশাদ ওয়ার্সি, তুষার কাপুর, শ্রেয়াস তালপাড়ে, আফতাব শিবদাসানি এবং জ্যাকি শ্রফসহ একঝাঁক জনপ্রিয় তারকা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









