বাংলাদেশে ফুটবল মানেই যেন ব্রাজিল-আর্জেন্টিনার চিরন্তন লড়াই। তবে এই দুই জনপ্রিয় দলের বাইরে গিয়ে নিজের পছন্দের দলের কথা জানালেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।
ভারতের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ফুটবল নিয়ে কথা বলতে গিয়ে জয়া বলেন, তিনি নিয়মিত ফুটবল অনুসরণ করেন। এমনকি রাশিয়ায় গিয়ে গ্যালারিতে বসে বিশ্বকাপও উপভোগ করেছিলেন।
তিনি বলেন, ‘ফুটবলে আমার বেশ আগ্রহ আছে। শেষবার রাশিয়ায় গিয়ে গ্যালারিতে বসে বিশ্বকাপ দেখেছিলাম। পর্তুগালকে খুব ভালোবাসি, কিন্তু চারপাশে সারাক্ষণ আর্জেন্টিনা-ব্রাজিল শুনতে হয়। রোনালদোকে খুব ভালো লাগে। তবে মুশকিল হচ্ছে, মেসিকেও ভালো লাগে।’ তার সমর্থন পর্তুগালের প্রতি। আর প্রিয় ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো।
ফুটবলের পাশাপাশি সাক্ষাৎকারে উঠে আসে তার ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ারের নানা প্রসঙ্গ। আগামী ১ জুলাই জয়া আহসানের জন্মদিন। তবে জন্মদিন জাঁকজমক করে উদযাপন করতে তিনি খুব একটা পছন্দ করেন না বলেই জানান। কাছের মানুষ ও ভক্তদের ভালোবাসাই দিনটিকে তার কাছে বিশেষ করে তোলে।
এদিকে আগামী জুলাই মাসেই মুক্তি পেতে যাচ্ছে জয়া আহসান অভিনীত নতুন সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’। কৌশিক গাঙ্গুলী পরিচালিত এই ছবিটি সফল ‘অর্ধাঙ্গিনী’ সিনেমার সিক্যুয়েল। জয়ার ভাষ্য, আগের ছবির তুলনায় নতুন গল্পে নাটকীয়তা আরও বেশি এবং দর্শকদের ভালো লাগবে বলেই তার বিশ্বাস।
কলকাতার চলচ্চিত্রে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা নিয়েও কথা বলেন জয়া। তিনি জানান, অন্য দেশের পাসপোর্ট বহন করলেও টলিউডে কাজ করতে গিয়ে কখনো নিজেকে বাইরের মানুষ মনে হয়নি। তার ভাষায়, বাংলা ভাষার সিনেমাই তাঁর সবচেয়ে বড় পরিচয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









