অক্ষয় কুমার অভিনীত কমেডি ছবি ওয়েলকাম টু দ্য জঙ্গল বক্স অফিসে ধারাবাহিকভাবে দারুণ ব্যবসা করছে। বিশেষ করে ‘ব্লকবাস্টার টিউজডে’ টিকিট অফারের সুবিধায় মঙ্গলবার ছবিটির আয় আরও বেড়েছে। বর্তমান ধারা অব্যাহত থাকলে প্রথম সপ্তাহ শেষে ছবিটির আয় ৯৬ থেকে ৯৮ কোটি রুপিতে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মুক্তির প্রথম দিন থেকেই দর্শকদের ইতিবাচক সাড়া পেতে শুরু করে ছবিটি। সপ্তাহান্তে দুর্দান্ত ব্যবসার পর সোমবারও প্রত্যাশার চেয়ে ভালো আয় করে এটি। আর মঙ্গলবার আয় আরও বাড়ায় স্পষ্ট হয়েছে, চলতি বছরে অক্ষয় কুমারের ঝুলিতে ‘ভূত বাংলা’র পর আরও একটি বড় সফল ছবি যোগ হতে যাচ্ছে।
পেইড প্রিভিউ শোসহ সপ্তাহান্তে ছবিটির মোট আয় দাঁড়ায় ৬৩ কোটি ৭৫ লাখ রুপি। শুক্রবারের তুলনায় শনিবার এবং রোববারে আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। দর্শকদের ইতিবাচক ‘ওয়ার্ড অব মাউথ’-এর প্রভাব সোমবারও বজায় ছিল। প্রথম সোমবারে ছবিটি ৮ কোটি ৫০ লাখ রুপি আয় করে, যা শুক্রবারের তুলনায় প্রায় ৫০ শতাংশ কম হলেও প্রত্যাশার চেয়ে ভালো ফল।
বিনোদনভিত্তিক ট্র্যাকিং প্ল্যাটফর্ম স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ‘ব্লকবাস্টার টিউজডে’ অফারে দেশের বিভিন্ন মাল্টিপ্লেক্সে মাত্র ১৯৯ রুপিতে টিকিট বিক্রি হওয়ায় ছবিটি বাড়তি সুবিধা পেয়েছে। প্রাথমিক হিসাবে মুক্তির পঞ্চম দিনে, অর্থাৎ মঙ্গলবার, ছবিটির আয় হয়েছে প্রায় ৯ কোটি ২৫ লাখ রুপি।
পাঁচ দিনে ভারতে ছবিটির মোট নিট আয় দাঁড়িয়েছে ৮১ কোটি ৫০ লাখ রুপি। বিশ্লেষকদের মতে, একই ধারা বজায় থাকলে প্রথম সপ্তাহ শেষে ছবিটির সংগ্রহ ৯৬ থেকে ৯৮ কোটি রুপির মধ্যে পৌঁছাতে পারে।
অক্ষয় কুমার জানিয়েছেন, ছবিটির নির্মাণ ব্যয় প্রায় ১১৫ কোটি রুপি। সে হিসেবে দ্বিতীয় সপ্তাহান্তেই ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ বক্স অফিসে ‘হিট’ তকমা অর্জন করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, ২০০৭ সালে আনিস বাজমী পরিচালিত ‘ওয়েলকাম’ মুক্তির পর ব্যাপক জনপ্রিয়তা পায়। ছবিটিতে অভিনয় করেছিলেন নানা পাটেকর, অনিল কাপুর, পরেশ রাওয়াল, ফিরোজ খান, অক্ষয় কুমার, ক্যাটরিনা কাইফ ও মল্লিকা শেরাওয়াত।
এরপর ২০১৫ সালে মুক্তি পায় সিকুয়েল ওয়েলকাম ব্যাক। সেখানে অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফের পরিবর্তে অভিনয় করেন জন আব্রাহাম এবং শ্রুতি হাসান।
এবার আহমেদ খান পরিচালিত ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এ অক্ষয় কুমারের পাশাপাশি অভিনয় করেছেন সুনীল শেঠি, আরশাদ ওয়ারশি, পরেশ রাওয়াল, জ্যাকি শ্রফ, শ্রেয়স তলপড়ে, জনি লিভার, রাজপাল যাদব, রাভিনা ট্যান্ডন, দিশা পাটানি, জ্যাকুলিন ফার্নান্দেজ এবং ফরিদা জালালসহ আরও অনেক তারকা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









