বলিউড বাদশা শাহরুখ খান এবার ক্রিকেটে নিজের উপস্থিতিকে আরও এক ধাপ এগিয়ে নিলেন। যুক্তরাষ্ট্রে নিজের দলের জন্য নতুন একটি ক্রিকেট স্টেডিয়াম চালু করেছেন তিনি। এই স্টেডিয়ামকে বৈশ্বিক ক্রিকেট অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে দেখা হচ্ছে।
‘নাইট রাইডার্স ক্রিকেট গ্রাউন্ড’ নামের স্টেডিয়ামটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের পোমোনা শহরের ফেয়ারপ্লেক্স কমপ্লেক্সে অবস্থিত। শাহরুখ খানের মালিকানাধীন লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স দলের হোম গ্রাউন্ড হিসেবে এটি ব্যবহৃত হবে।
রবিবার (১ জুলাই) এক ভিডিও বার্তায় নতুন স্টেডিয়ামটির উদ্বোধনের ঘোষণা দেন শাহরুখ খান। তিনি বলেন, ‘এর শুরুটা হয়েছিল একটি স্বপ্ন দিয়ে। আজ সেই স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমাদের নাইট রাইডার্স ক্রিকেট গ্রাউন্ডে সবাইকে স্বাগত। এটি শুধু খেলার মাঠ নয়, পরিবার ও বিনোদনেরও একটি জায়গা।’
ভারতের প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্স ছাড়াও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, নারীদের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, আন্তর্জাতিক টি-টোয়েন্টি লিগ এবং যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটেও নাইট রাইডার্স গ্রুপের দল রয়েছে।
জানা গেছে, নতুন স্টেডিয়ামটির পরিচালনার দায়িত্বে রয়েছে শাহরুখ খানের প্রতিষ্ঠান। তবে জমি ও অবকাঠামোর মালিক ফেয়ারপ্লেক্স। তাদের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় স্টেডিয়ামটি পরিচালনা করবে নাইট রাইডার্স গ্রুপ। এই গ্রুপে শাহরুখ খানের পাশাপাশি অংশীদার হিসেবে রয়েছেন অভিনেত্রী জুহি চাওলা এবং শিল্পপতি জয় মেহতা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









