প্রায় এক দশক আগে চাঁপাইনবাবগঞ্জের হর্টিকালচার সেন্টারের আম্রকাননে ধারণ করা জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র বিশেষ পর্বের নির্বাচিত অংশ শুক্রবার (৩ জুলাই) রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে। একই সঙ্গে ইত্যাদির বিভিন্ন পর্ব থেকে বাছাই করা আকর্ষণীয় পরিবেশনাও থাকছে এবারের সংকলিত পর্বে।
বিশ্বজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে কেন্দ্র করে এবারের পর্বে অতীতের বিশ্বকাপভিত্তিক নানা তথ্যবহুল ও আকর্ষণীয় অংশ সংযোজন করা হয়েছে। পাশাপাশি থাকছে মানবিক, শিক্ষামূলক ও সচেতনতামূলক একাধিক প্রতিবেদন।
চাঁপাইনবাবগঞ্জ ও বিখ্যাত ‘আম’ নিয়ে দুটি বিশেষ প্রতিবেদন ছাড়াও সর্পপ্রেমী ফজলে রাব্বী রবিনকে নিয়ে একটি সচেতনতামূলক প্রতিবেদন থাকছে। এ ছাড়াও ফুটবল নিয়ে তিনবার গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস অর্জনকারী মাগুরার হালিম এবং খুলনার ফুলতলার সমাজসেবক কুতুবুদ্দিন আহমেদকে নিয়ে রয়েছে অনুকরণীয় প্রতিবেদন।
বিদেশি প্রতিবেদনে তুলে ধরা হয়েছে গ্রিসের রাজধানী এথেন্সের প্রাকৃতিক সৌন্দর্য ও প্রত্নসম্পদ এবং সেখানকার ইভজোন্স সেনাদলকে।
অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জকে নিয়ে মোহাম্মদ রফিকউজ্জামানের লেখা ও হানিফ সংকেতের সুরে একটি গানে স্থানীয় প্রায় শতাধিক নৃত্যশিল্পীর পরিবেশনা থাকছে। এ ছাড়াও বিভিন্ন দপ্তরের অসংগতি তুলে ধরে বক্তব্যধর্মী একটি মিউজিক্যাল ড্রামায় অভিনয় করেছেন প্রাণ রায় ও জয়রাজ।
দর্শকপর্বে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী গম্ভীরা দলের শিল্পী মাহাবুবুল আলম ও ফাইজুর রহমান মানি গম্ভীরা পরিবেশন করেছেন। তাদের গানের ভিত্তিতে প্রশ্নোত্তরের মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হয়েছে।
এ ছাড়াও বিভিন্ন সামাজিক অসংগতি ও সমসাময়িক ঘটনাকে কেন্দ্র করে বিদ্রূপাত্মক নাট্যাংশের পাশাপাশি থাকছে ইত্যাদির জনপ্রিয় ১নানি-নাতি’, ‘মামা-ভাগ্নে’ এবং ‘চিঠিপত্র’ বিভাগ।
অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। সংকলিত এই পর্ব প্রচারিত হবে কেয়া কসমেটিকসের সৌজন্যে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









