চলচ্চিত্রপাড়ায় উৎসবের আমেজে শুরু হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন। আগামী দুই বছরের জন্য নিজেদের প্রতিনিধি নির্বাচনে শুক্রবার (৩ জুলাই) ব্যালটের মাধ্যমে ভোট দিচ্ছেন রূপালি পর্দার শিল্পীরা।
শুক্রবার (৩ জুলাই) সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে টানা সন্ধ্যা ৬টা পর্যন্ত। তবে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত নামাজ ও মধ্যাহ্নভোজের জন্য এক ঘণ্টার বিরতি থাকবে।
এবারের নির্বাচনে মূল লড়াই হচ্ছে দুটি প্যানেলের মধ্যে। একটি প্যানেলের নেতৃত্বে রয়েছেন শিবা শানু ও জয় চৌধুরী। অন্য প্যানেলে নেতৃত্ব দিচ্ছেন আরমান ও রুমানা ইসলাম মুক্তি। দুই পক্ষই জয় নিয়ে শতভাগ আশাবাদী।
গত বুধবার আয়োজিত প্যানেল পরিচিতি অনুষ্ঠানে উভয় প্যানেলের নেতারা নির্বাচিত হলে সাধারণ শিল্পীদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে কাজ করার অঙ্গীকার করেন। পাশাপাশি জয়ের ব্যাপারেও তারা আত্মবিশ্বাস প্রকাশ করেন।
বিগত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে এফডিসিজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশ সদস্যদের পাশাপাশি র্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও দায়িত্ব পালন করছেন।
এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন প্রযোজক খোরশেদ আলম খসরু। নির্বাচন কমিশনের সদস্য হিসেবে রয়েছেন কামাল মো. কিবরিয়া লিপু ও বি এইচ নিশা।
অন্যদিকে, নির্বাচন-পরবর্তী সময়ে যেকোনো জটিলতা নিষ্পত্তির জন্য গঠিত আপিল বোর্ডে দায়িত্ব পালন করছেন ছটকু আহমেদ, কাজী হায়াৎ ও বাদল খন্দকার।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









