বাংলাদেশের চঞ্চল চৌধুরী, মেহজাবীন চৌধুরী, সাবিলা নূর থেকে শুরু করে পশ্চিমবঙ্গের ঋতুপর্ণা সেনগুপ্ত, যীশু সেনগুপ্ত, পায়েল মুখার্জিসহ আরও অনেকে এক ফ্রেমে ধরা পড়েছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আয়োজিত একটি বড় সাংস্কৃতিক আয়োজনে।
বাংলা ভাষাভাষীদের অন্যতম বৃহৎ আয়োজন নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্সের (এনএবিসি) ৪৬তম আসরকে কেন্দ্র করেই এই তারকা সমাবেশ। চার দিনব্যাপী এই সম্মেলনে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের শিল্পী, নির্মাতা, লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা অংশ নেন।
বাংলাদেশ থেকে অংশ নেন অভিনেতা চঞ্চল চৌধুরী, মামনুন ইমন, মেহজাবীন চৌধুরী, সাবিলা নূর, লেখক সাদাত হোসেন এবং নির্মাতা রেদওয়ান রনিসহ আরও অনেকে।
অভিনেতা মামনুন ইমন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখেন, “এই বর্ণাঢ্য আয়োজনে আজকের সম্মাননা ও অ্যাওয়ার্ড অনুষ্ঠানের অংশ হতে পেরে আনন্দিত ও গর্বিত।”
অন্যদিকে পশ্চিমবঙ্গ থেকে উপস্থিত ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, যীশু সেনগুপ্ত, সৌরভ, দর্শনা বণিক, পায়েল মুখার্জিসহ আরও অনেকে।
প্রতিবছরের মতো এবারও উত্তর আমেরিকার বিভিন্ন প্রান্ত থেকে হাজারো বাংলা ভাষাভাষী মানুষ এই সম্মেলনে অংশ নেন, যেখানে বাংলা সংস্কৃতি, সিনেমা ও সাহিত্যকে কেন্দ্র করে নানা আয়োজন অনুষ্ঠিত হয়।
এবারের বিশেষ আকর্ষণ ছিল বাংলা চলচ্চিত্র প্রদর্শনী। বাংলাদেশ থেকে দেখানো হয় ‘বনলতা এক্সপ্রেস’, ‘সাবা’ ও ‘দম’। আর পশ্চিমবঙ্গ থেকে প্রদর্শিত হয় ‘পুতুল নাচের ইতিকথা’, ‘ডিপ ফ্রিজ’ ও ‘দেবী চৌধুরানী’।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









