বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে চলমান বিতর্কের মধ্যে ক্ষোভ প্রকাশ করেছেন কিংবদন্তি চিত্রনায়িকা রোজিনা।
রোববার (৫ জুলাই) শিল্পী সমিতির নির্বাচন নিয়ে নিজের হতাশা ও ক্ষোভের কথা জানান রোজিনা। উত্তরার নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রোজিনার দাবি, এবারের নির্বাচনে সুষ্ঠু পরিবেশ ছিল না। ভোটগ্রহণ ও ফলাফল প্রকাশের প্রক্রিয়াতেও নানা অসংগতি ছিল বলে তিনি অভিযোগ করেন।
তিনি বলেন, ‘এফডিসি এখন আর আগের মতো নেই। এখানে সম্মান, মূল্যবোধ—সবকিছুই নষ্ট হয়ে যাচ্ছে। জীবনে কোনোদিন আমি শিল্পী সমিতিতে যাবো কি না, তা আমার জানা নেই। তবে মৃত্যুর পর আমার লাশ যেন এফডিসিতে নেওয়া না হয়।’

তার এই সিদ্ধান্তের পেছনে কোনো সাময়িক আক্ষেপ নয়, বরং দীর্ঘদিনের পুঞ্জীভূত কষ্ট কাজ করছে বলে তিনি জানান।
তিনি বলেন, ‘এখনকার মানুষগুলোর মধ্যে শিল্পীদের শ্রদ্ধা করার মতো মানসিকতা একেবারেই নেই।’
উদাহরণ হিসেবে নায়করাজ রাজ্জাকের স্মৃতিচারণ করে তিনি বলেন, রাজ্জাক ভাইও একসময় অভিমানে বলেছিলেন, তার মৃত্যুর পর যেন তাকে এফডিসিতে নেওয়া না হয়। বর্তমান চলচ্চিত্রের পরিবেশ ও মানুষের বদলে যাওয়া স্বভাব দেখে রোজিনা আগেই তার পরিবারকে এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন।
শিল্পী সমিতির নির্বাচনে নিজের পরাজয় প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাকে চক্রান্ত করে হারানো হয়েছে—এমনটি আমি বলছি না। এটা আমি আগে থেকেই ভেবে রেখেছিলাম। এমনকি এ বিষয়ে পরিবারের সঙ্গেও কথা হয়েছে।’
তিনি আরও জানান, শিল্পী সমিতি নিয়ে তিক্ততা থাকলেও সরকারি কোনো অনুষ্ঠান বা প্রযোজক সমিতির সদস্য হিসেবে বিশেষ প্রয়োজনে তিনি অংশ নেবেন। তবে সাধারণ কোনো প্রয়োজনে এফডিসিতে যাওয়ার ইচ্ছে নেই তার।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









