বিশ্বকাপের নকআউট পর্বে নরওয়ের কাছে হেরে বিদায় নিয়েছে ব্রাজিল। দলের এমন বিদায়ে বাংলাদেশের অনেক ব্রাজিল-সমর্থকই হতাশ। তবে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ২১ বছর বয়সী রতনের মৃত্যু সেই হতাশাকে আরও বেদনাদায়ক করে তুলেছে।
সোমবার (৬ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের ঘোড়াইঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রতন ওই এলাকার হোসেন মিস্ত্রির ছেলে। তিনি পেশায় একজন শ্রমিক ছিলেন।
পরিবারের দাবি, প্রিয় দল ব্রাজিলের পরাজয় এবং তা নিয়ে আশপাশের মানুষের কটাক্ষে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।
এ ঘটনার খবর জেনে মর্মাহত হয়েছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। তিনি নিজেও ব্রাজিলের সমর্থক। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি সবাইকে মনে করিয়ে দিয়েছেন, ফুটবল জীবনের চেয়ে কখনোই বড় হতে পারে না।
অপূর্ব লিখেছেন, ‘ব্রাজিল হারায় কুষ্টিয়ার একটা ছেলে সুসাইড করেছে, রেখে গেছে দুই মাসের শিশুসন্তান। এই নিউজটা দেখে ভীষণ কষ্ট পেয়েছি। আপনারা খেলাকে বিনোদন হিসেবে নিন। এখানে হার-জিত থাকবেই। প্রিয় দল জিতলে ভালো লাগবে, হারলে খারাপ লাগবে। তবে সেটা জীবনের থেকে যেন বড় না হয়। কারণ দিনশেষে এটা শুধুমাত্র একটা খেলা।’
খেলার সঙ্গে ট্রল বা কটাক্ষ জড়িত থাকলেও তা যেন সীমা না ছাড়ায়—এমন আহ্বানও জানিয়েছেন তিনি।
অপূর্ব লিখেছেন, ‘ট্রল খেলার অংশ। তবে অতিরিক্ত ট্রল, অপমান বা হেয় করাটাও বন্ধ করুন। আপনার কাছে এটা মজা হতে পারে, কিন্তু অন্য কারও জন্য সেটা মানসিকভাবে অনেক কষ্টের কারণ হতে পারে।’
সবশেষে তিনি লেখেন, ‘একটা দল হারলে আবার জিতবে, আজ ট্রফি না পেলে সামনে আবার পাবে। কিন্তু একটা জীবন চলে গেলে সেটা আর ফিরে আসে না।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









