দেশের বিভিন্ন জেলায় আবারও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, সিলেট ও হবিগঞ্জসহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। কোথাও কোথাও পাহাড়ধসের ঘটনাও ঘটেছে। প্রাকৃতিক এ দুর্যোগে লাখো মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। প্রাণহানির সংখ্যাও অর্ধশত ছাড়িয়েছে।
এ পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশাপাশি উদ্বেগ প্রকাশ করছেন শোবিজ অঙ্গনের তারকারাও। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছেন।
এবার বন্যাকবলিত মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন অভিনেতা তৌসিফ মাহবুব। চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের জন্য আর্থিক সহায়তা দিয়েছেন তিনি। বিষয়টি প্রকাশ্যে আসে তার এক ভক্তের মাধ্যমে।
মোহাম্মদ ইমন নামের ওই ভক্ত বর্তমানে বন্যাকবলিত এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন। বিষয়টি জানতে পেরে তৌসিফ নিজ উদ্যোগে তার সঙ্গে যোগাযোগ করে অনুদান দেন। গণমাধ্যমকে ইমন জানান, মঙ্গলবার তারা কয়েকজন স্বেচ্ছাসেবী চট্টগ্রামের বাঁশখালী এলাকায় প্রায় এক হাজার মানুষের মধ্যে শুকনা খাবার, চিড়া, মুড়ি, বিশুদ্ধ পানি, স্যালাইন, প্রয়োজনীয় ওষুধ এবং নারীদের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করবেন।
তবে বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলতে চাননি তৌসিফ মাহবুব। তার মতে, এমন দুর্যোগে সামর্থ্যবান সবারই এগিয়ে আসা উচিত। তিনি নিজের সামর্থ্য অনুযায়ী বন্যার্ত মানুষের পাশে থাকার চেষ্টা করছেন।
ফেসবুকে দেওয়া এক বার্তায় তৌসিফ লিখেছেন, ‘মাটির মানুষ মাটিতেই ফিরে যাব। মাঝে যে কয়দিন বাঁচি, মানুষের জন্যই হোক সেটা। যে মানুষেরা ভালোবেসে আমার কাজ দেখে, তাদের জন্য কিছু করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করি।’
এদিকে বন্যা পরিস্থিতি নিয়ে সরব হয়েছেন শোবিজ অঙ্গনের আরও অনেক তারকা। কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতনতামূলক বার্তা দিচ্ছেন, আবার কেউ ত্রাণ ও আর্থিক সহায়তার আহ্বান জানাচ্ছেন। ২০২৪ সালের ভয়াবহ বন্যার সময়ও শিল্পীরা সম্মিলিতভাবে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









